রাজনীতির কেন্দ্রে ছিল মন্ত্রীসভায় বদল
কুরআন চর্চায় গুরুত্ব বিরোধী দলের

২২ আগস্ট ২০২৬ (শনিবার) রাজনৈতিক আলোচনার কেন্দ্রবিন্দুতে ছিল মন্ত্রীসভায় রদবদলের প্রসঙ্গ। এছাড়া এ দিন প্রধানমন্ত্রীর ভারত সফর ও জ্বালানি সংকট নিয়ে সরকারের তরফে গুরুত্বপূর্ণ বক্তব্য এসেছে। বিরোধী দল এদিন রুটিন কর্মসূচির মাধ্যমে সরকারের সমালোচনায় সক্রিয় ছিল। সেই সঙ্গে দলীয় কর্মীদের ইসলামী মূল্যবোধের চর্চায় গুরুত্ব দিয়েছে দলটি।
এদিনের গুরুত্বপূর্ণ সংবাদগুলোর সারসংক্ষেপ দেখে নেওয়া যাক এক নজরে।
মন্ত্রী পরিষদের পুনবিন্যাস নিয়ে আলোচনা-সামলোচনা: তুলনামূলক কম কাজের পরিধির মন্ত্রণালয়েও মন্ত্রী, প্রতিমন্ত্রীর পাশাপাশি প্রধানমন্ত্রীর উপদেষ্টাও দায়িত্ব পালন করছেন। আবার কোনো কোনো মন্ত্রীর হাতে একাধিক মন্ত্রণালয়ের দায়িত্ব। এমনকি কেউ কেউ একাই তিনটি মন্ত্রণালয়ের দায়িত্ব সামলাচ্ছেন। মন্ত্রিসভার দপ্তর বণ্টনের এই চিত্র নিয়ে রাজনৈতিক অঙ্গনে ভারসাম্যের প্রশ্ন উঠেছে। এর মধ্যে পররাষ্ট্র মন্ত্রণালয়ে এখন দুজন প্রতিমন্ত্রী দায়িত্ব পালন করছেন। সাধারণত কোনো মন্ত্রণালয়ে মন্ত্রী, প্রতিমন্ত্রী বা উপমন্ত্রী থাকার উদাহরণ থাকলেও একই মন্ত্রণালয়ে দুজন প্রতিমন্ত্রী থাকার ঘটনা নিয়ে বেশি আলোচনা হচ্ছে।
কাজের পরিধি ও গতি বাড়াতেই পররাষ্ট্রে দুই প্রতিমন্ত্রী: পররাষ্ট্র মন্ত্রণালয়ের কাজের পরিধি, ব্যস্ততা এবং গতি আগের যেকোনো সময়ের চেয়ে অনেক বৃদ্ধি পেয়েছে। মন্ত্রণালয়ের কাজের সুবিধার্থে এবং গতি আরও বেগবান করার লক্ষ্যেই সরকার এখানে দুজন প্রতিমন্ত্রী নিয়োগ দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে বলে জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম। শনিবার রাজধানীর একটি হোটেলে সেন্টার ফর গভর্নেন্স স্টাডিজ (সিজিএস) আয়োজিত ‘পলিটিক্স ল্যাব: বাংলাদেশে তরুণ নারীদের রাজনৈতিক নেতৃত্বের ক্ষমতায়ন’ শীর্ষক পাবলিক ডায়ালগ শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।
প্রধানমন্ত্রীর ভারত সফরের জন্য তাড়াহুড়া নেই: প্রধানমন্ত্রীর ভারত সফরের জন্য কোনো তাড়াহুড়া নেই বলে মন্তব্য করেছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির। তিনি বলেন, দ্বিপক্ষীয় আলোচনায় অগ্রগতি হওয়ার পর উপযুক্ত সময়ে প্রধানমন্ত্রী তারেক রহমান ভারত সফর করবেন। তবে এ ক্ষেত্রে বাংলাদেশের জাতীয় স্বার্থই সর্বোচ্চ অগ্রাধিকার পাবে। শনিবার সাভারে জাতীয় স্মৃতিসৌধে মুক্তিযুদ্ধের শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন শেষে সাংবাদিকদের এ কথা বলেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী। তিনি আরও বলেন, ‘শেখ হাসিনা পালিয়ে যাওয়া টেররিস্ট, দেড় হাজার মানুষ হত্যা করে ভারতে গেছে। শুধু তিনিই নন, এরপর যারা আরও অপরাধী ভারতে পালিয়ে আছে। এটা একটা স্বাভাবিক দাবি, যাতে আমরা ওই প্রক্রিয়ার মধ্যে দিয়ে ভারতের সঙ্গে এনগেজড করি।’
জিয়াউর রহমান ও খালেদা জিয়ার সমাধিতে নবনিযুক্ত চার মন্ত্রী-প্রতিমন্ত্রী: শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান (বীর উত্তম) ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সমাধিতে পুষ্পস্তবক অর্পণ ও সুরা ফাতেহা পাঠ করেছেন নবনিযুক্ত চার মন্ত্রী ও প্রতিমন্ত্রী। শনিবার বিকেল ৩টার দিকে সেখানে গিয়ে পুষ্পস্তবক অর্পণ ও ফাতেহা পাঠ করেন তারা।
জ্বালানি সংকট দ্রুত সমাধানের সুযোগ নেই- অর্থমন্ত্রী: শনিবার অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী মতিঝিলে ঢাকা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (ডিসিসিআই) আয়োজিত ২০২৬ অর্থবছরের দ্বি-বার্ষিক অর্থনৈতিক সেমিনারে বলেছেন, জ্বালানি সংকট দ্রুত সমাধানের সুযোগ নেই। জ্বালানি সংকট মোকাবিলায় সরকারের হাতে থাকা সব ধরনের উদ্যোগ নেওয়া হলেও এর সমাধান আসবে ধীরগতিতে। অর্থমন্ত্রী বলেন, ‘বিনিয়োগ ছাড়া অর্থনীতির বর্তমান সংকট থেকে বেরিয়ে আসার সুযোগ নেই। তাই দেশি-বিদেশি বিনিয়োগ বাড়াতে সরকার বিনিয়োগবান্ধব পরিবেশ তৈরিতে কাজ করছে।’
মধ্যপ্রাচ্য সংকটে জ্বালানির বিল পরিশোধে অতিরিক্ত ৪-৫ বিলিয়ন ডলার খরচ: একই সভায় অর্থমন্ত্রী আরও বলেন, চলমান মধ্যপ্রাচ্যের সংকটের কারণে সরকারের জ্বালানির বিল পরিশোধে অতিরিক্ত ৪-৫ বিলিয়ন বা ৪০০-৫০০ কোটি ডলার খরচ হয়েছে। তিনি বলেন, সব ধরনের জ্বালানি উৎসের মধ্যে সমন্বয় সাধন করা এখন সরকারের অন্যতম অগ্রাধিকার। তবে প্রাথমিকভাবে সৌরশক্তির ওপর বেশি জোর দেওয়া হচ্ছে এবং বাজেটে এ লক্ষ্যে নানা সুবিধা দেওয়া হয়েছে। এখন এই খাতে বিনিয়োগে উদ্যোক্তাদের এগিয়ে আসা দরকার।
সড়কপথে যুক্ত হচ্ছে ভোলা, মহাসড়ক নির্মাণকাজ দ্রুত এগিয়ে নিতে নির্দেশ প্রধানমন্ত্রীর: দ্বীপ জেলা ভোলাকে দেশের মূল সড়ক নেটওয়ার্কের সঙ্গে যুক্ত করতে রহমতপুর-হিজলা-মেহেন্দীগঞ্জ-ভোলা রুটে মহাসড়ক নির্মাণের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এ উদ্যোগ দ্রুত এগিয়ে নিতে সংশ্লিষ্টদের নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। শনিবার তেজগাঁওয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে অনুষ্ঠিত এক সভায় এ সিদ্ধান্ত হয়। প্রধানমন্ত্রীর উপপ্রেস সচিব হাসান শিপলু এ কথা জানান।
চাঁদাবাজদের সঙ্গে পুলিশ জড়িত থাকলে তালিকা করে ব্যবস্থা: চাঁদাবাজদের সঙ্গে কোনো পুলিশ সদস্য জড়িত থাকলে তাদেরও তালিকা করে ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমেদ। শনিবার ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি শান্তিনগরে সন্ত্রাসীদের হামলায় আহত চিকিৎসক অধ্যাপক ডা. মো. আসাদুর রহমানকে দেখতে গিয়ে তিনি এ কথা বলেন।
দেশে ‘পোস্টগ্র্যাজুয়েট বিশ্ববিদ্যালয়’ প্রতিষ্ঠা করা হবে: দেশের উচ্চশিক্ষা, গবেষণা ও উদ্ভাবনকে এগিয়ে নিতে উন্নত বিশ্বের আদলে একটি ‘পোস্টগ্র্যাজুয়েট বিশ্ববিদ্যালয়’ প্রতিষ্ঠার উদ্যোগ নেওয়া হবে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন। শিক্ষামন্ত্রী বলেন, সরকারি ও বেসরকারি উদ্যোগে দেশে অনেক বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠিত হলেও এখন পর্যন্ত কোনো পোস্টগ্র্যাজুয়েট বিশ্ববিদ্যালয় গড়ে ওঠেনি। অথচ প্রতিবেশী দেশসহ বিশ্বের বিভিন্ন দেশে এ ধরনের বিশ্ববিদ্যালয় রয়েছে। শনিবার সাভারের ব্র্যাক সিডিএমে দুই দিনব্যাপী ‘উপাচার্যদের সংলাপ’–এর সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে শিক্ষামন্ত্রী এ কথা বলেন।
মির্জা ফখরুল ইসলাম আলমগীরের ঠাকুরগাঁও-১ আসন শূন্য ঘোষণা: মির্জা ফখরুল ইসলাম আলমগীর রাষ্ট্রপতির দায়িত্ব গ্রহণ করায় তাঁর ঠাকুরগাঁও-১ সংসদীয় আসনটি শূন্য হয়েছে। আজ শনিবার জাতীয় সংসদ সচিবালয়ের এক বিজ্ঞপ্তিতে এ কথা বলা হয়েছে।
টঙ্গীর ফুটপাতে মাসে ১৫ লাখ টাকার চাঁদাবাজি, নেপথ্যে ‘ক্যাসেট শামীম’: গাজীপুরের টঙ্গীতে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের ফুটপাত ও সড়ক দখল করে দোকান বসিয়ে মাসে প্রায় ১৫ লাখ টাকা চাঁদা আদায়ের অভিযোগ উঠেছে শামীম খান ওরফে ‘ক্যাসেট শামীম’ ও তার সহযোগীদের বিরুদ্ধে। স্থানীয়দের অভিযোগ, শামীম একসময় গাজীপুর সিটি করপোরেশনের ৫৭ নম্বর ওয়ার্ডের আওয়ামী লীগ মনোনীত কাউন্সিলর গিয়াস উদ্দিন সরকারের ঘনিষ্ঠ সহযোগী ছিলেন। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় তার বিরুদ্ধে হত্যা মামলা রয়েছে বলেও প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। ৫ আগস্টের পর তিনি স্থানীয় বিএনপি নেতাদের সঙ্গে ঘনিষ্ঠতা গড়ে তোলেন এবং চাঁদাবাজি অব্যাহত রাখেন বলে অভিযোগ। অভিযোগে বিএনপি নেতা ইসমাইল সিকদার বসু, মামুন পাঠান ও লিটু মিয়ার নামও এসেছে।
বেশি প্রত্যাশা করলে আবারও বিপদ আসতে পারে: বিএনপির যুগ্ম মহাসচিব ও পানিসম্পদ মন্ত্রী শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি বলেছেন, বেশি প্রত্যাশা করতে গেলে আবারও বিপদ চলে আসতে পারে এবং অন্য কেউ সেই সুযোগ নিয়ে নিতে পারে। তাই শুধু রাজনীতিবিদ নয়, রাজনৈতিক কর্মী এবং যে যে রাজনৈতিক দলকে সমর্থন করেন, সবাইকে বিষয়টি নিয়ে আরও বেশি চিন্তা করতে হবে। শনিবার রাজধানীর জাতীয় প্রেসক্লাবে বিএনপি চেয়ারপারসনের সাবেক উপদেষ্টা, ফেনী-৩ আসনের সাবেক সংসদ সদস্য ও বিশিষ্ট মিডিয়া ব্যক্তিত্ব মুহাম্মদ মোশারফ হোসেনের ১২তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে ‘ফেনী আমার ফেনী’ আয়োজিত স্মরণসভা ও দোয়া মাহফিলে তিনি এসব কথা বলেন।
দলীয় প্রার্থীর বিপক্ষে ‘গোপন আলাপ’, বিএনপি নেতাকে শোকজ: পটুয়াখালীর বাউফলে জাতীয় সংসদ নির্বাচনে দলীয় প্রার্থীর বিপক্ষে উপজেলা বিএনপির সদস্য সচিব আপেল মাহমুদ ফিরোজের কথোপকথনের একটি অডিও রেকর্ড সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। অডিওটি প্রকাশের পর বিএনপির একাধিক নেতা-কর্মী এটিকে দলীয় প্রার্থীর বিরুদ্ধে ষড়যন্ত্রের প্রমাণ দাবি করে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে শেয়ার করেছেন। এরই মধ্যে দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে আপেল মাহমুদ ফিরোজকে কারণ দর্শানোর নোটিশ দিয়েছে পটুয়াখালী জেলা বিএনপি।
গুলশান কার্যালয়ের সামনে যুবদল পদবঞ্চিত নেতাদের মানববন্ধন: সদ্য ঘোষিত যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটিতে ব্যাপক অনিয়ম, পদ বাণিজ্য ও নিষ্ক্রিয় অপরিচিত ব্যক্তিদের দিয়ে কমিটি গঠন এবং ত্যাগী ও রাজপথের পরীক্ষিত নেতাদের কমিটিতে না রাখার প্রতিবাদ জানিয়ে মানববন্ধন করেছেন পদবঞ্চিত নেতারা। শনিবার (২২ আগস্ট) দলের সাংগঠনিক অবিভাবক চেয়ারম্যান জনাব তারেক রহমান এর সাক্ষাৎ চেয়ে বিকাল ৪টায় বিএনপির চেয়ারম্যানের কার্যালয়ে এ কর্মসূচি পালন করেন তারা।
বিরোধী দলের প্রধান কর্মসূচি ও খবরগুলো নিম্নরূপ।
কোরআন পড়া, বোঝা ও মানলেই দুনিয়া-আখিরাতে মুক্তি: জামায়াতে ইসলামীর আমির ও বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান বলেছেন, বাস্তব জীবনে সহিহভাবে অর্থসহ কোরআন পড়তে শেখা প্রত্যেকের জন্যই ফরজ। পবিত্র কুরআন সহিহভাবে পড়তে ও শিখতে হবে, বুঝতে হবে এবং মানতে হবে। তাহলেই আমাদের জীবন সার্থক হবে এবং দুনিয়া ও আখিরাতে আমরা মুক্তি পাব। আল্লাহ তার বান্দাদের মধ্য থেকে সর্বশ্রেষ্ঠ মানুষদেরই নবী, রাসুল (সা.) ও পয়গম্বর হিসেবে বাছাই করেছেন এবং তাদের ওপর কিতাব নাজিল করেছেন। আল্লাহর দেওয়া সেই কিতাব অনুযায়ী তারা মানুষকে আল্লাহর দিকে আহ্বান করেছেন। শনিবার রাজধানীর আল-ফালাহ মিলনায়তনে দিনব্যাপী তা’লীমুল কুরআন বিভাগের জেলা ও মহানগরী দায়িত্বশীল সম্মেলনে তিনি এসব কথা বলেন।
গাজী নজরুলের বিরুদ্ধে গাড়িচালকের সংবাদ সম্মেলন: অনৈতিক সম্পর্কের অভিযোগের কথা জানার পর গাড়িচালক ওবায়দুর রহমানকে টাকা দেওয়ার পাশাপাশি ব্যক্তিগত সহকারী হিসেবে কাজের প্রস্তাব দেওয়ার অভিযোগ উঠেছে বহিষ্কৃত জামায়াত নেতা ও সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য গাজী নজরুল ইসলামের বিরুদ্ধে। শনিবার (২২ আগস্ট) রাজধানীর সেগুনবাগিচায় ক্রাইম রিপোর্টার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (ক্র্যাব) কার্যালয়ে সংবাদ সম্মেলনে এ অভিযোগ করেন ওবায়দুর রহমান। একইসঙ্গে নিজের ও পরিবারের সদস্যদের নিরাপত্তা নিশ্চিতের দাবি জানান তিনি। ওবায়দুর রহমানের দাবি, গত ১৯ জুন তার ভাগনির কাছ থেকে গাজী নজরুল ইসলামের সঙ্গে তার অনৈতিক সম্পর্কের কথা জানতে পারেন। পরদিন এমপি হোস্টেলে গিয়ে এ বিষয়ে গাজী নজরুলের সঙ্গে কথা বললে তিনি বিষয়টি স্বীকার করেন বলে দাবি করেন ওবায়দুর। এ সময় তাকে অর্থ দেওয়ার পাশাপাশি চাকরির প্রস্তাব দেওয়া হয়। তিনি অর্থ না নিলেও ভাগনির নিরাপত্তার কথা বিবেচনা করে চাকরির প্রস্তাব গ্রহণ করেন বলে জানান।
‘আমাদের নিষিদ্ধ করবেন? আগে দেখুন, যারা নিষিদ্ধ করেছিল তাদের কী দশা হয়েছে: সরকারি দল বা জোটের কেউ কেউ যখন জামায়াতে ইসলামীকে নিষিদ্ধ করার দাবি তুলছেন, তখন জামায়াতের কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও ঢাকা মহানগরী দক্ষিণের সেক্রেটারি ড. শফিকুল ইসলাম মাসুদ এমপি বলেছেন, অতীতে যারা জামায়াতকে নিষিদ্ধ করেছিল, তাদের পরিণতি কী হয়েছে তা আগে দেখা উচিত। রাজধানীর সবুজবাগ-মুগদা জোনের উদ্যোগে আয়োজিত দলের এক রুকন সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
আল্লাহর দেওয়া প্রতিটি দায়িত্ব যথাযথভাবে পালন করাই একজন মুমিনের কর্তব্য: ব্যক্তি, পরিবার, পেশা ও সংগঠনের দায়িত্বের মধ্যে ভারসাম্য বজায় রাখার ওপর গুরুত্বারোপ করে বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও সংসদ সদস্য সাইফুল আলম খান মিলন বলেছেন, কোনো একটি দায়িত্ব পালনে অতিরিক্ত গুরুত্ব দিতে গিয়ে অন্য দায়িত্বকে অবহেলা করা দায়িত্বশীলতার পরিচয় নয়। আল্লাহর দেওয়া প্রতিটি দায়িত্ব যথাযথভাবে পালন করাই একজন মুমিনের কর্তব্য। শনিবার ঢাকা জেলা আয়োজিত দুই দিনব্যাপী শিক্ষাশিবিরের দ্বিতীয় দিনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
বিরোধীদলকে দমন করতে চাইলে অবস্থা বেনজীরের চেয়েও খারাপ হবে- আইজিপিকে সারজিস: জাতীয় নাগরিক পার্টি-এনসিপির উত্তরাঞ্চলের মুখ্য সমন্বয়ক সারজিস আলম বলেছেন, পুলিশের আইজিপি বিরোধীদলকে দমন করতে চাইলে অবস্থা বেনজীরের চেয়েও খারাপ হবে। একটি রাষ্ট্রীয় অনুষ্ঠানে অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি তৈরি হলে বর্তমান আইজিপি এসে স্বরাষ্ট্রমন্ত্রীকে কানে কানে জিজ্ঞেস করেন প্রতিবাদকারীদের বের করে দেবেন কি না। স্বরাষ্ট্রমন্ত্রী বা প্রধানমন্ত্রীকে খুশি করতে বা তোষামোদ করার জন্য একজন আইজিপি যখন বিরোধী মতকে বের করে দিতে চান, তখন তার মধ্যে মূলত সাবেক আইজিপি বেনজীরের চরিত্রের প্রতিফলন বা প্রতিনিধিত্ব দেখা যায়।
স্বরাষ্ট্রমন্ত্রীর পদত্যাগের দাবিতে আন্দোলনের হুঁশিয়ারি: সুনির্দিষ্ট কোনো কারণ না জানিয়ে পুলিশ কেন্দ্রীয় শহীদ মিনারে আয়োজিত পূর্বঘোষিত পাচার ও দুর্নীতিবিরোধী গণসমাবেশ পালনের অনুমতি না দেওয়ায় ক্ষোভ জানিয়েছেন রাষ্ট্র সংস্কার আন্দোলনের সভাপতি হাসনাত কাইয়ূম। ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) অগণতান্ত্রিক ও স্বৈরাচারী কায়দায় এই গণসমাবেশ বাতিল করেছে বলে অভিযোগ করেন তিনি। এর প্রতিবাদে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমেদের পদত্যাগের দাবিতে কঠোর আন্দোলনের হুঁশিয়ারিও দিয়েছেন রাষ্ট্র সংস্কার আন্দোলনের সভাপতি হাসনাত কাইয়ূম। শনিবার রাজধানীর পুরানা পল্টনে রাষ্ট্র সংস্কার আন্দোলনের প্রধান কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এ হুঁশিয়ারি দেন।
জামায়াত কোনো রাজনৈতিক দল না, উগ্রাবাদী গোষ্ঠী, দাবি নুরের: বাংলাদেশ জামায়াতে ইসলামী কোনো রাজনৈতিক দল না, এটা একটা হঠকারী-উগ্রবাদী গোষ্ঠী বলে মন্তব্য করেছেন গণ-অধিকার পরিষদের সাবেক সভাপতি এবং প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী নুরুল হক নুর। শনিবার রাজধানীতে এক সংবাদ সম্মেলনে এসব মন্তব্য করেন তিনি।
ছাত্র রাজনীতি:
নিজ দলের নেতাকে মারধর ও সিট দখলের অভিযোগ জাবিপ্রবি ছাত্রদল আহ্বায়কের বিরুদ্ধে: জামালপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (জাবিপ্রবি) শাখা ছাত্রদলের আহ্বায়ক শাকিল আহমেদের বিরুদ্ধে নিজ সংগঠনের নেতাদের মারধর, প্রকাশ্যে হুমকি এবং আবাসিক হলের সিট দখলের গুরুতর অভিযোগ উঠেছে। শুক্রবার (২১ আগস্ট) বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ও সংশ্লিষ্ট হলের প্রভোস্ট বরাবর লিখিত অভিযোগ দিয়েছেন ভুক্তভোগী দুই শিক্ষার্থীও শাখা ছাত্রদলের বর্তমান আহ্বায়ক কমিটির সদস্য।
সরকারের ১৮০ দিন পূর্তি ও ফখরুল-রিজভীকে শুভেচ্ছা জানিয়ে জাবি ছাত্রদলের মিছিল: সরকারের ১৮০ দিন পূর্তি এবং মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে রাষ্ট্রপতি ও অ্যাডভোকেট রুহুল কবির রিজভী আহমেদকে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিবের দায়িত্ব দেওয়াকে স্বাগত জানিয়ে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জাবি) শুভেচ্ছা মিছিল করেছে শাখা ছাত্রদল। শনিবার (২২ আগস্ট) বিশ্ববিদ্যালয়ের জহির রায়হান অডিটোরিয়ামের সামনে থেকে মিছিলটি শুরু হয় ও পরে মিছিলটি বিশ্ববিদ্যালয়ের শহীদ মিনার প্রদক্ষিণ করে বটতলায় গিয়ে শেষ হয়।
ছাত্রদলের সংঘর্ষের জেরে বন্ধ নোবিপ্রবির পকেট গেট, ভোগান্তিতে শিক্ষার্থীরা: ছাত্রদলের দুই গ্রুপের দফায় দফায় সংঘর্ষ ও বহিরাগতদের হামলার পর নিরাপত্তাজনিত কারণে নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (নোবিপ্রবি) অন্যতম ব্যস্ত ‘পকেট গেট’ টানা চার দিন ধরে বন্ধ রয়েছে। এতে চরম দুর্ভোগে পড়েছেন ক্যাম্পাসের আবাসিক শিক্ষার্থীরা। ক্যাম্পাস সূত্রে জানা যায়, গত মঙ্গলবার ছাত্রদলের সংঘর্ষে বহিরাগতদের প্রবেশ ও সংঘর্ষের ঘটনার পর সার্বিক নিরাপত্তা বিচারে পকেট গেট বন্ধের সিদ্ধান্ত নেয় বিশ্ববিদ্যালয় প্রশাসন।
কুবিতে সংঘর্ষ, সাধারণ শিক্ষার্থী বহিষ্কার হলেও ছাত্রদল কর্মীদের বিষয়ে নীরব প্রশাসন: কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) কাজী নজরুল ইসলাম হলের দেওয়ালে ‘JCD’ লেখাকে কেন্দ্র করে প্রভোস্টের উপস্থিতিতে সংঘর্ষের ঘটনায় দুই শিক্ষার্থীকে হল থেকে সাময়িক বহিষ্কার করা হয়েছে। তবে সংঘর্ষে জড়িত ছাত্রদলের কর্মীদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হয়নি বলে অভিযোগ উঠেছে। প্রক্টরিয়াল বডির সদস্য, হল প্রশাসন ও কর্তব্যরত সাংবাদিকদের উপস্থিতিতেই এই সংঘর্ষের ঘটনা ঘটে।
১৮ বিশ্ববিদ্যালয়ে দলীয় ভিসি- শিবির সভাপতি: শনিবার (২২ আগস্ট) সকালে নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ২১তম ব্যাচের শিক্ষার্থীদের নবীন বরণ ও ক্যারিয়ার গাইডলাইন অনুষ্ঠানে ছাত্রশিবির সভাপতি নুরুল ইসলাম সাদ্দাম বলেন, ১৮টি বিশ্ববিদ্যালয়ে ভিসি আমরা খুঁজে পেলাম, যাদের একটা ডিপার্টমেন্টের দায়িত্ব পালন করার যোগ্যতাও হয়নি, অথবা ডিপার্টমেন্টে দায়িত্ব পালন করেনি, ডাইরেক্ট বিশ্ববিদ্যালয়ে ভিসি হয়েছেন। শুধুমাত্র দলীয় এজেন্ডা বাস্তবায়ন করা এবং দলের সাথে থাকা, তাদের সাথে থেকেই এ পদগুলো তারা পেয়েছেন। এগুলো মেধার চূড়ান্ত অবমূল্যায়ন। সরকারি কর্ম কমিশনের (পিএসসি) চেয়ারম্যান ও অন্যান্য পদে দলীয় কর্মীদের অগ্রাধিকার দেওয়া হচ্ছে বলে অভিযোগ করেন তিনি।
ডাকসুর ১১ মাস: ক্যাম্পাসে হানাহানি, চাঁদাবাজি ও টেন্ডারবাজি শূন্যে নেমেছে-সাদিক কায়েম: ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) দায়িত্ব নেওয়ার পর ক্যাম্পাসের পরিবেশে উল্লেখযোগ্য পরিবর্তন এসেছে বলে দাবি করেছেন ডাকসুর ভিপি সাদিক কায়েম। এক সাক্ষাৎকারে তিনি বলেন, ডাকসুর বর্তমান মেয়াদে ক্যাম্পাসে হানাহানি, চাঁদাবাজি ও টেন্ডারবাজি প্রায় শূন্যের কোঠায় নেমে এসেছে। ডাকসুর পরিচালিত একটি জরিপে ৯৩ শতাংশ শিক্ষার্থী মনে করেছেন, ক্যাম্পাসে নারী শিক্ষার্থীরা আগের তুলনায় নিরাপদ।









