১৬ আগস্ট (রবিবার) বাংলাদেশের রাজনীতিতে প্রধানমন্ত্রী তারেক রহমানের ভারত সফরের জন্য অনুকুল পরিবেশের প্রত্যাশাই মুখ্য সংবাদ হিসেবে দেখা গেছে। এছাড়াও কিশোরগঞ্জে গিয়ে প্রধানমন্ত্রীর ‘কল্যাণমূলক’ রাষ্ট্রগঠনের প্রত্যয় গুরুত্ব পেয়েছে। এদিন বিরোধী দলগুলো থেকেও বেশ কিছু কর্মসূচি ছিল। তিন মাস আগে জ্বালানি সংকট মোকাবিলায় সরকারকে দেওয়া প্রস্তাবের অগ্রগতি জানতে চেয়ে জামায়াতের সংবাদ সম্মেলন বিশেষ গুরুত্ব পেয়েছে। এছাড়া এ দিন অস্ট্রেলিয়ায় বাংলাদেশ ক্রিকেট দলের বিজয়ে প্রধানমন্ত্রী, বিরোধী দলীয় নেতার অভিনন্দন জানানোর খবর উল্লেখযোগ্য।
সরকার:
প্রধানমন্ত্রীর দিল্লি সফরের জন্য অনুকূল পরিবেশ চায় বাংলাদেশ: প্রধানমন্ত্রী তারেক রহমানের ভারত সফরের জন্য অনুকূল পরিবেশ তৈরি করতে হবে। এ জন্য ভারতের কাছে দ্বিপক্ষীয় প্রত্যর্পণ চুক্তি অনুযায়ী শেখ হাসিনা এবং অন্যান্য পলাতক অপরাধীকে দ্রুত ফেরত পাঠাতে এবং শহীদ শরিফ ওসমান বিন হাদি হত্যা মামলার আসামিদের বাংলাদেশের কাছে হস্তান্তর করতে ভারতীয় কর্তৃপক্ষের কাছে অনুরোধ জানিয়েছে, তার জবাবের অপেক্ষায় আছে বাংলাদেশ। রোববার পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র এ কে এম শহীদুল করিম এ মন্তব্য করেন।
এ বিষয়ে সরকার ভারতকে যে কড়া কূটনৈতিক বার্তা দিয়েছে তা জনপরিসরে খুবই ইতিবাচক ভাবমূর্তী তৈরি করেছে। তবে, সরকারের এই শক্ত কূটনীতির কারণ কি তা নিয়ে অনেকের আগ্রহ রয়েছে। কূটনীতিতে শাক্তিশালী প্রতিবেশীর সঙ্গে কৌশলগত লেনদেনের ক্ষেত্রে শুধু শক্ত বিবৃতিই যথেষ্ট নয়। বরং, কাউন্টার পার্ট-কে জাতীয় জাতীয় স্বার্থর বিষয়ে নির্ভরশীল করার জন্য কৌশলগত রিসোর্স তৈরি করার দিকে মনযোগ দেওয়া জরুরি। সেই সঙ্গে নিজের দেশের অর্থ, বাণিজ্য, জালানি, বিদ্যুৎ ও ইন্টারনেটের ক্ষেত্রে ভারতের ওপর নির্ভরশীলতা কমানোর উদ্যোগও জরুরি।
কিশোরগঞ্জে প্রধানমন্ত্রী বলেছেন দেশকে কল্যাণমুখী রাষ্ট্র হিসেবে গড়ে তোলা হবে: প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, বাংলাদেশকে একটি কল্যাণমুখী রাষ্ট্র হিসেবে গড়ে তোলা হবে। সে লক্ষ্যেই বিএনপি কাজ করে যাচ্ছে। দেশের মানুষের ভাগ্য পরিবর্তনে সরকার কাজ করে যাচ্ছে। প্রধানমন্ত্রী রোববার কিশোরগঞ্জের পাকুন্দিয়ার মির্জাপুর চেয়ারম্যানবাড়ি ঘাটে জাতীয় মৎস্য পক্ষ-২০২৬ উপলক্ষে ব্রহ্মপুত্র নদে মাছের পোনা অবমুক্ত করেন। পরে তিনি উপস্থিত জনতার উদ্দেশে এ কথাগুলো বলেন। তারেক রহমান বলেন, বর্তমানে দেশের জনগণ বিদ্যুতের কষ্ট ভোগ করছেন, সেটা অতীতের স্বৈরাচার সরকারের অব্যবস্থাপনার কারণে। তবে বিদ্যুৎ ও জ্বালানিসংকট নিরসনে বিএনপি কাজ করে যাচ্ছে। এসময় আরও বলেন, “দেশনেত্রী খালেদা জিয়া দায়িত্বে থাকাকালে নারীদের শিক্ষা ইন্টারমিডিয়েট পর্যন্ত ফ্রি করেছিলেন। দেশের জনসংখ্যার অর্ধেক নারী। নারী সমাজকে পিছিয়ে রেখে দেশকে এগিয়ে নেওয়া সম্ভব নয়। তাই সরকার নারীদের অনার্স পর্যন্ত শিক্ষা ফ্রি করার সিদ্ধান্ত নিয়েছে। এর সব খরচ সরকার বহন করবে।”
টেস্ট জয়ে টাইগারদের ভিডিও কলে অভিনন্দন জানালেন প্রধানমন্ত্রী: অস্ট্রেলিয়ার বিপক্ষে তাদেরই মাটিতে প্রথমবারের মতো টেস্ট ম্যাচ জয়ের ঐতিহাসিক সাফল্যে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলকে আন্তরিক অভিনন্দন জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। রোববার ডারউইনে সিরিজের প্রথম টেস্টে স্বাগতিক অস্ট্রেলিয়াকে ৯ উইকেটে হারিয়ে স্মরণীয় এই জয় তুলে নেয় টাইগাররা। দীর্ঘ ২৩ বছর পর অস্ট্রেলিয়ার মাটিতে টেস্ট খেলতে নেমেই এই সাফল্য অর্জন করল বাংলাদেশ।
গ্যাস-বিদ্যুতের ভোগান্তি আরো দুই বছর পোহাতে হবে, জানালেন অর্থমন্ত্রী: অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন, গ্যাস-বিদ্যুতের সমস্যা রাতারাতি সমাধান করা সম্ভব নয়। নতুন কোনো ব্যবস্থা নিতে গেলে অন্তত দুই বছর সময় লাগবে। রোববার দুপুরে রাজধানীর ইন্টারকন্টিনেন্টাল হোটেলে অ্যামচেম আয়োজিত এক সেমিনারে এসব কথা বলেন অর্থমন্ত্রী।
এস আলম গ্রুপের প্রতিষ্ঠানকে বিশেষ সুবিধা দিল বাংলাদেশ ব্যাংক: এস আলম গ্রুপের প্রতিষ্ঠান এস এস পাওয়ার-১ লিমিটেডকে বিশেষ সুবিধা দিয়েছে বাংলাদেশ ব্যাংক। এস আলম গ্রুপ ঋণখেলাপি হওয়ায় এস এস পাওয়ার-১ লিমিটেডের আমদানি ঋণপত্র বা এলসি খোলার ক্ষেত্রে যে আইনি জটিলতা তৈরি হয়েছিল, তা নিরসনে শতভাগ মার্জিনের ভিত্তিতে কাঁচামাল আমদানির এলসি খোলার অনুমতি দেওয়া হয়েছে। এর ফলে প্রতিষ্ঠানটি কাঁচামাল আমদানির জন্য ঋণপত্র (এলসি) খুলতে পারবে। রোববার এ-সংক্রান্ত একটি নির্দেশনা জারি করেছে বাংলাদেশ ব্যাংক।
বিরোধী দল:
জ্বালানি সংকট সমাধানে তিন মাস আগে দেওয়া পরিকল্পনার অগ্রগতি জানতে চায় জামায়াত: দেশের চলমান বিদুৎ, জ্বালানি সংকট প্রসঙ্গে প্রধানমন্ত্রী বিরোধী দলগুলোর কাছে যে কার্যকর পরিকল্পনা চেয়েছেন, সেই আহ্বানকে ইতিবাচকভাবেই দেখছে জামায়াতে ইসলামী। তবে এ ধরনের পরিকল্পনা তিন মাস আগেই সরকারকে দেওয়া হয়েছে জানিয়ে তার অগ্রগতি জানতে চেয়েছে দলটি। রোববার সন্ধ্যায় রাজধানীর মগবাজারে আল-ফালাহ মিলনায়তনে ‘চলমান বিদ্যুৎ ও জ্বালানি সংকট এবং জনদুর্ভোগ নিয়ে’ জামায়াতে ইসলামী আয়োজিত জরুরি সংবাদ সম্মেলনে দলটির সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার এসব কথা বলেন।
ওয়েল ডান, বাংলাদেশ ক্রিকেট টিম: অস্ট্রেলিয়ার ডারউইনে দুই ম্যাচের টেস্ট সিরিজে দেশটিকে হারিয়ে ১–০ ব্যবধানে এগিয়ে যাওয়ায় বাংলাদেশ ক্রিকেট দলকে অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছেন জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ও জামায়াতে ইসলামীর আমির শফিকুর রহমান। বাংলাদেশ ক্রিকেট দলের উদ্দেশে তিনি বলেন, ‘ওয়েল ডান! বাংলাদেশ ক্রিকেট টিম। ডারউইন টেস্টে বাংলাদেশ ক্রিকেট দলের এই লাল-সবুজ বিজয় সমগ্র জাতির জন্য অত্যন্ত আনন্দ, গৌরব ও মর্যাদার।’
চ্যালেঞ্জ করা সরকারের কাজ নয়: এদিন সরকারের সমালোচনা করে জাগপার সেক্রেটারি রাশেদ প্রধান সামাজিক মাধ্যমে বলেছেন, ‘সরকারের কাজ বিরোধীদলকে চ্যালেঞ্জ জানানো নয়, জনগণের কাছে জবাবদিহি করা। তবুও আপনারা যখন চ্যালেঞ্জ করেছেনই, তখন পাল্টা চ্যালেঞ্জ দিচ্ছি। যেহেতু আপনারা স্বীকার করেই নিয়েছেন যে সমস্যা সমাধান করা আপনাদের পক্ষে সম্ভব নয়, তাই বিরোধীদলীয় নেতার আহ্বানে সাড়া দিয়ে অবিলম্বে সংসদের বিশেষ অধিবেশনের ব্যবস্থা করুন। ইনশাআল্লাহ, সংসদে সমস্যা সমাধানের সঠিক রূপরেখা বিরোধী দলই পেশ করবে।’
বিদ্যুৎ সংকটের দায় রিকশাশ্রমিকদের ওপর চাপানো হচ্ছে: বিদ্যুৎ সংকট বৃদ্ধির দায় রিকশাশ্রমিকদের ওপর চাপানো হচ্ছে বলে মন্তব্য করেছেন বাংলাদেশের বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক। তিনি বলেন, অবিশ্বাস্যভাবে চলমান বিদ্যুৎ সংকট বৃদ্ধির দায়ও চাপানো হচ্ছে রিকশা শ্রমিকদের ওপর। এই সংকট মোকাবেলায় আগে সরকার এবং উচ্চবিত্ত ও মধ্যবিত্তদেরকে জ্বালানি ব্যবহারে সাশ্রয়ী হতে হবে। রোববার রাজধানীর পুরানা পল্টন মোড়ে বিপ্লবী রিকশা শ্রমিক সংহতি আয়োজিত রিকশা শ্রমিকদের পাঁচ দফা দাবির সমাবেশে তিনি এসব কথা বলেন।