সংসদে ঐক্যের বার্তা, শিক্ষার্থীদের আন্দোলন ও জুলাই কর্মসূচিতে সরগরম দিন

ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম বাজেট অধিবেশনের সমাপ্তির দিনে জাতীয় রাজনীতিতে ছিল একাধিক গুরুত্বপূর্ণ ঘটনা। সমাপনী ভাষণে প্রধানমন্ত্রী তারেক রহমান উগ্রবাদ ও চরমপন্থার বিরুদ্ধে কঠোর অবস্থানের ঘোষণা দিয়ে জাতীয় ঐক্য বজায় রাখার আহ্বান জানান। একই দিনে শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবিতে রাজধানীসহ বিভিন্ন স্থানে শিক্ষার্থীদের আন্দোলন অব্যাহত থাকে। এদিকে জুলাই গণঅভ্যুত্থানের দ্বিতীয় বর্ষপূর্তিকে সামনে রেখে বিভিন্ন রাজনৈতিক দলও কর্মসূচি ও বক্তব্যে রাজনৈতিক অঙ্গনকে আরও সরব করে তোলে।
বুধবার (১৫ জুলাই) দেশের মূলধারার গণমাধ্যমের তথ্য বিশ্লেষণ করে এমন চিত্র দেখা গেছে।
দিনব্যাপী আলোচনায় প্রধানমন্ত্রীর বক্তব্য ও মন্ত্রীদের কর্মকাণ্ড
ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম বাজেট অধিবেশনের সমাপ্তি হয়েছে। ৭ জুন শুরু হওয়া অধিবেশনে ১১ জুন ২০২৬-২৭ অর্থবছরের বাজেট উত্থাপন এবং ৩০ জুন তা পাস হওয়ার পর ২৬ কার্যদিবস শেষে বুধবার রাষ্ট্রপতির সমাপ্তি ঘোষণা পাঠের মাধ্যমে অধিবেশন শেষ হয়।
সমাপনী ভাষণে প্রধানমন্ত্রী ও সংসদ নেতা তারেক রহমান বলেন, বর্তমান সরকার কোনোভাবেই উগ্রবাদ বা চরমপন্থাকে প্রশ্রয় দেবে না। একই সঙ্গে তিনি ফ্যাসিবাদের পুনরুত্থান ঠেকাতে জাতীয় ঐক্য অটুট রাখার আহ্বান জানান।
এদিন প্রধানমন্ত্রী প্রাথমিক শিক্ষা পদক-২০২৬ অনুষ্ঠানে শিক্ষকদের শিশুদের মানবিক মানুষ হিসেবে গড়ে তোলার আহ্বান জানান এবং প্রতিটি শিশুকে বছরে অন্তত একটি গাছ লাগানোর অনুরোধ করেন। জাতীয় সংসদে তিনি আরও জানান, মুক্তিযুদ্ধে শহীদদের নিরপেক্ষ ও পূর্ণাঙ্গ তালিকা তৈরির উদ্যোগ নিয়েছে সরকার।
এদিন অর্থমন্ত্রীর সঙ্গে বাংলাদেশ এমবিএ অ্যাসোসিয়েশনের প্রতিনিধিদলের সাক্ষাৎ, ঢাকার বর্জ্য ব্যবস্থাপনা উন্নয়নে সমন্বিত উদ্যোগ, যুক্তরাষ্ট্রের সঙ্গে আবাসন খাতে সহযোগিতা, বিমান বাংলাদেশের বহর সম্প্রসারণে এয়ারবাস কেনার বিষয়ে আলোচনা, এইচএসসি পরীক্ষার্থীদের জন্য বিশেষ সুযোগ, ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক কার্যক্রম, ত্রাণ বিতরণে দুর্নীতি দমনের সতর্কতা, রেল দুর্ঘটনার পরিসংখ্যান প্রকাশ এবং সাইবার সুরক্ষা আইন সংশোধনের অগ্রগতির বিষয়ও সামনে আসে।
তবে কোনো আলোচনা ছাড়াই ‘ইনভেস্টমেন্ট বাংলাদেশ বিল-২০২৬’ পাস হওয়ায় বিরোধী দলের আপত্তির মুখে পড়ে সরকার।
কম আলোচনায় বিএনপির দলীয় কর্মসূচি
নরসিংদীর পলাশে এক বালু ব্যবসায়ীকে তুলে নিয়ে নির্যাতনের ঘটনায় ঘোড়াশাল পৌর বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদকসহ ১১ জনের বিরুদ্ধে মামলা হয়েছে।
এদিকে কুমিল্লা মহানগর বিএনপির ১৫১ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। অন্যদিকে বগুড়ায় এইচএসসি পরীক্ষার্থীদের আন্দোলনে নেতৃত্ব দেওয়ায় এক নেতার ছেলেকে কেন্দ্র করে তার বাবা, জেলা বিএনপির সদস্য ফারুক হোসেনকে দল থেকে বহিষ্কার করা হয়েছে।
জুলাই সদন ঘীরে সরব জামায়াত
সংসদের সমাপনী অধিবেশনে বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান বলেন, সংসদ যদি দুর্নীতির পৃষ্ঠপোষক না হয়, তাহলে বাংলাদেশ থেকে দুর্নীতি বিদায় নেওয়া সম্ভব।
দলের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার অভিযোগ করেন, সরকার জুলাই সনদের আইনগত ভিত্তি তৈরি না করে সংবিধান সংশোধনের পথে হাঁটছে। একই সঙ্গে জুলাই বিপ্লবের দ্বিতীয় বার্ষিকী উপলক্ষে রাজধানীতে প্রামাণ্যচিত্র প্রদর্শনীর ক্যারাভান উদ্বোধন করেছে ঢাকা মহানগর দক্ষিণ জামায়াত।
অন্যদিকে গণভোট, জুলাই সনদ ও সংবিধান সংস্কার বাস্তবায়নে সরকারের অনীহা দেখিয়ে সিলেটে জামায়াত-সমর্থিত ১৭ জন আইন কর্মকর্তা একযোগে পদত্যাগ করেছেন।
জুলাই কেন্দ্রীক রাজনীতিতে এনসিপি
জুলাই গণঅভ্যুত্থানকে কেন্দ্র করেই এদিন সবচেয়ে বেশি রাজনৈতিক বক্তব্য দিয়েছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)।
দলের আহ্বায়ক নাহিদ ইসলাম বলেন, শেখ হাসিনা দেশে ফিরলেও তাঁর মৃত্যুদণ্ডের রায়ের বিরুদ্ধে আপিলের সুযোগ থাকবে না।
মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটোয়ারী বগুড়ার পথসভায় চাঁদাবাজি ও টেন্ডারবাজিকে দেশের শত্রু আখ্যা দেন। একই সঙ্গে তিনি সামাজিক মাধ্যমে ফারাক্কা ইস্যুতে সরকারের নেতৃত্বের সমালোচনা করেন এবং বগুড়ায় জুলাই শহীদদের কবর জিয়ারত করেন।
দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ বলেন, আইনের শাসন প্রতিষ্ঠিত না হলে জনগণ আবারও রাজপথে নামবে।
কূটনৈতিক কার্যক্রমে ইসলামী আন্দোলন, আলোচনায় নিষিদ্ধ আওয়ামীলীগও
ঢাকায় নিযুক্ত ইরানের রাষ্ট্রদূতের আমন্ত্রণে ইসলামী আন্দোলন বাংলাদেশের একটি প্রতিনিধি দল ইরান দূতাবাসে সৌজন্য সাক্ষাৎ করেছে।
গত বছরের ১৬ জুলাই গোপালগঞ্জের সংঘর্ষের বর্ষপূর্তিকে সামনে রেখে জেলায় কঠোর নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে। শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে বিজিবি, পুলিশ ও র্যাব যৌথভাবে টহল দিচ্ছে।
অন্যদিকে বাংলাদেশ ফিন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট (বিএফআইইউ) জানিয়েছে, শেখ হাসিনা, তাঁর পরিবার এবং ১০ শিল্পগোষ্ঠীর দেশে-বিদেশে প্রায় ৭৬ হাজার কোটি টাকার সম্পদ আদালতের মাধ্যমে জব্দ করা হয়েছে।
সারাদিনের হট টপিক শিক্ষার্থীদের আন্দোলন
শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলনের পদত্যাগ দাবিতে দ্বিতীয় দিনের মতো রাজধানীর শাহবাগসহ দেশের বিভিন্ন স্থানে শিক্ষার্থীদের আন্দোলন অব্যাহত থাকে।
এদিকে মানবাধিকার সংস্থা এইচআরএসএসের ছয় মাসের প্রতিবেদনে জানানো হয়েছে, চলতি বছরের প্রথমার্ধে রাজনৈতিক ও নির্বাচনী সহিংসতায় ৫৬ জন নিহত এবং পাঁচ হাজারের বেশি মানুষ আহত হয়েছেন। একই সময়ে মব সহিংসতায় নিহত হয়েছেন ১৩৩ জন।
ছাত্র সংগঠনের নানাবিধ তৎপরতা
বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির ২০২৬ সেশনের বাকি সময়ের জন্য কেন্দ্রীয় কার্যকরী পরিষদ ও সেক্রেটারিয়েট পুনর্গঠন করেছে। সংগঠনের সভাপতি নূরুল ইসলাম জুলাইয়ের আকাঙ্ক্ষা বাস্তবায়নের আহ্বান জানিয়েছেন। একই সময়ে ইসলামী ছাত্রী সংস্থা তাদের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিভিন্ন কর্মসূচি পালন করেছে।
এছাড়া এইচএসসি ও আলিম পরীক্ষা নিয়ে শিক্ষা মন্ত্রণালয়ের সাম্প্রতিক শিক্ষার্থীবান্ধব উদ্যোগকে স্বাগত জানিয়েছে ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ।
রাজনৈতিক বার্তা কী?
বাজেট অধিবেশন শেষ হওয়ার মধ্য দিয়ে সংসদীয় পর্ব আপাতত শেষ হলেও রাজনীতির কেন্দ্রবিন্দু এখন স্পষ্টভাবে জুলাই গণঅভ্যুত্থানের দ্বিতীয় বর্ষপূর্তি। সরকার সংসদ থেকে জাতীয় ঐক্য ও উগ্রবাদবিরোধী বার্তা দিয়েছে, জামায়াত জুলাই সনদ বাস্তবায়নের প্রশ্নকে সামনে এনেছে, এনসিপি জুলাই-পরবর্তী বিচার ও সংস্কারের দাবি জোরালো করেছে, আর বিরোধী রাজনীতিতে সাংগঠনিক ঘটনাগুলোও আলোচনায় এসেছে। ফলে সংসদ থেকে রাজপথ—উভয় ক্ষেত্রেই এখন জুলাইকে ঘিরেই রাজনৈতিক বয়ান ও অবস্থান নির্ধারিত হচ্ছে।









