টঙ্গীতে নিষিদ্ধ ছাত্রলীগের ঝটিকা মিছিল, ৪ জনকে ধরে পুলিশে দিল ছাত্রদল

টঙ্গীতে ঝটিকা মিছিল করেছেন নিষিদ্ধ ছাত্রলীগের নেতাকর্মীরা। মিছিল শেষে চারজনকে ধরে পুলিশে দিয়েছেন স্থানীয় ছাত্রদলের কর্মীরা।
সোমবার (১৮ মে) দুপুরে টঙ্গীর প্রত্যাশা মাঠ এলাকায় এ ঘটনা ঘটে। আটক হলেন কামারপাড়া এলাকার আব্দুল কাদিরের ছেলে তানভীর মাহমুদ (২২), আমিনুল ইসলামের ছেলে মেহেদী হাসান মাসুম (২১), মোহাম্মদ রুবেল মিয়ার ছেলে মোহাম্মদ রাসেল হোসেন (১৮) ও হিরু মিয়ার ছেলে জয় আহমেদ (২২)।
স্থানীয়রা জানায়, টঙ্গী পশ্চিম থানাধীন প্রত্যাশা মাঠে দুপুরে ঝটিকা মিছিল করেন নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের নেতাকর্মীরা। মিছিলের খবর পেয়ে স্থানীয় ছাত্রদল ও বিএনপির নেতারা মিছিলকারী ছাত্রলীগের চার কর্মীকে আটক করেন।
এদিকে মিছিল থেকে চারজনকে আটকের পর স্থানীয় ছাত্রদল ও বিএনপির নেতারা তাদের নিয়ে বৈঠকে বসেন। বৈঠকের একটি ভিডিও কালের কণ্ঠের এই প্রতিনিধির কাছে সংরক্ষিত আছে। ভিডিওতে দেখা যায়, টঙ্গী পশ্চিম থানা বিএনপির আহ্বায়ক প্রভাষক বসির উদ্দিন, সদস্যসচিব আসাদুজ্জামান নুর, ৫২ নম্বর ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক সামসুল হকসহ বিএনপি, ছাত্রদল, যুবদলসহ বিভিন্ন স্তরের নেতারা উপস্থিত ছিলেন। বৈঠকে টঙ্গী পশ্চিম থানার ওসি আরিফুর রহমানকেও দেখা গেছে।
ওই ভিডিওতে বলতে শোনা যায়, ২০ মে তারেক রহমান টঙ্গীর গুটিয়ার ধরপাড়া এলাকায় আসবেন। এর আগে এই এলাকায় ছাত্রলীগ কী কারণে মিছিল করেছে তা নিয়ে পুলিশ কাজ করছে। তারেক রহমানকে আক্রমণ করার পরিকল্পনা রয়েছে কি না, তা নিয়েও ভিডিওতে কথা বলতে শোনা যায়।
টঙ্গী পশ্চিম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আরিফুর রহমান কালের কণ্ঠকে বলেন, টঙ্গীতে নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল হয়েছে। চারজনকে আটক করে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।
প্রসঙ্গত, আগামী ২০ মে টঙ্গীর গুটিয়া এলাকায় একটি সরকারি কর্মসূচিতে প্রধানমন্ত্রী তারেক রহমানের অংশগ্রহণের কথা রয়েছে। এ উপলক্ষে বিএনপি একাধিক প্রস্তুতি সভা করছে। টঙ্গী পশ্চিম থানার ওসি আরিফুর রহমান প্রধানমন্ত্রী তারেক রহমানের টঙ্গী আসার বিষয়টি নিশ্চিত করেছেন।









