গণনার সময় আমরা আমাদের ভোট রক্ষা করতে পারিনি: সারজিস

জাতীয় নাগরিক পার্টির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম বলেছেন, আমাদের ভোট কেড়ে নেয়া হয়েছে। এই দায় যেমন আমরা তাদেরকে দিব, একইভাবে এই দায় আমরাও এড়াতে পারি না। এর কারণ, আমরা আমাদের ভোটটা গণনার সময় রক্ষা করতে পারিনি। শুক্রবার (১৩ মার্চ) সন্ধ্যায় পঞ্চগড় সদর উপজেলার হিমালয় পার্কে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) পঞ্চগড় জেলা শাখার ইফতার মাহফিলে তিনি এই মন্তব্য করেন।
সারজিস আলম বলেন, সামনে স্থানীয় নির্বাচন আসছে, কোনো একটা কেন্দ্রে আমাদের যদি ১০ জন ভোটার থাকে, ঐ ১০টা ভোটও আমাদের রক্ষা করতে হবে। আবার কোনো একটা কেন্দ্রে ১০০ জনের মধ্যে ৯০টা যদি আমাদের ভোট থাকে, ঐ ৯০টা ভোটও আমাদের রক্ষা করতে হবে। জাতীয় নির্বাচনে ভোট গণনাকে প্রভাবিত করে আমাদের গুরুত্বপূর্ণ বিজয়ের ফলাফলকে কেড়ে নেয়া হয়েছে। আমরা যেন একই সুযোগ স্থানীয় নির্বাচনে আর না দেই।
তিনি আরও বলেন, আমরা ১১ দলীয় ঐক্যজোট বিরোধী দল হিসেবে একসাথে সংসদে রয়েছি। জানি না স্থানীয় নির্বাচন একসাথে করা হবে কিনা। একসাথে করা হোক আর আলাদাভাবে করা হোক, আমরা আপনাদেরকে একটা বার্তা দিতে চাই, জনগণ অনেক আশা নিয়ে, অনেক পরিবর্তনের চিন্তা নিয়ে আমানত হিসেবে আমাদেরকে যে ভোটটা দেয়, রক্তের বিনিময়ে হোক, জীবনের বিনিময়ে হোক, সেই ভোটের আমানতকে আমাদের রক্ষা করতে হবে।
এনসিপির এই নেতা আরও বলেন, জনগণ পরিবর্তন চায়, মনে-প্রাণে পরিবর্তন চায়। কিন্তু আমাদেরকে রাজপথ থেকে ঐ পরিবর্তনের লড়াইয়ের নেতৃত্ব দিতে হবে। আমরা যদি এই লড়াইয়ের নেতৃত্ব দিতে পারি, তাহলে খুব শিগগিরই সেই পরিবর্তন আসবে ইনশাল্লাহ।
ভয় পেয়ে পিছিয়ে পড়লে তারা মাথায় উঠবে উল্লেখ করে সাহসী হতে তাগিদ দেন সারজিস। তিনি বলেন, মনে রাখবেন, সাহস ভয়ের চেয়েও অনেক বেশি ছোঁয়াচে। সাহস এতটাই ছোঁয়াচে যে একজন মানুষ জীবন দেয়ার জন্য প্রস্তুত হয়ে যায়। যেটা আমরা জুলাই অভ্যুত্থানে দেখেছি একজনকে গুলি করে, একজন মারা যায়, আরেকজন সেই জায়গায় দাঁড়িয়ে যায়।
এসময় তিনি স্থানীয় নির্বাচন নিয়ে নেতাকর্মীদের উদ্দেশ্য করে বলেন, আমি আপনাদেরকে আহ্বান করব আপনারা স্থানীয় নির্বাচনের প্রস্তুতি নেয়া শুরু করেন। আপনাদের মধ্য থেকে কাউকে মেম্বার হতে হবে, আপনাদের মধ্য থেকে কাউকে চেয়ারম্যান হতে হবে, কাউকে উপজেলা চেয়ারম্যান হতে হবে, কাউকে জেলা পরিষদের চেয়ারম্যান হতে হবে।







