জামায়াতের সঙ্গে জোট ছাড়ার আলোচনা এনসিপির রাজনৈতিক কৌশল বলে মন্তব্য করেছেন গণঅধিকার পরিষদের মুখপাত্র আবু হানিফ। তাঁর দাবি, সামনে স্থানীয় নির্বাচনকে কেন্দ্র করে জামায়াতের কাছ থেকে বেশি সুবিধা আদায় করতেই জোট ছাড়ার আওয়াজ তুলছে এনসিপি। তবে জামায়াতের সঙ্গে সম্পর্ক ছিন্ন করলে দলটি তিন ভাগে বিভক্ত হয়ে পড়বে। এ কারণে এনসিপির পক্ষে জামায়াতের জোট ছেড়ে যাওয়া সম্ভব নয় বলেও মনে করেন তিনি।

সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়া এক স্ট্যাটাসে এসব কথা বলেন আবু হানিফ।

স্ট্যাটাসে তিনি বলেন, এনসিপি জামায়াতের জোট ছাড়ছে—এমন কিছু সংবাদ দেখা যাচ্ছে। তবে বাস্তবতা ভিন্ন। জামায়াত ছাড়া এনসিপি রাজনৈতিকভাবে নিঃস্ব বলা যায়।

আবু হানিফের দাবি, জোট ছাড়ার আওয়াজ মূলত এনসিপির একটি কৌশল। সামনে স্থানীয় নির্বাচন। ওই নির্বাচনে জামায়াতের কাছ থেকে বেশি সুবিধা আদায়ের লক্ষ্যেই জোট ছাড়ার কথা বলছে দলটি। তাঁর মতে, এনসিপি জোট ছাড়ার বার্তা দিলে জামায়াত স্থানীয় নির্বাচনে বেশি সুবিধা দিয়েও তাদের জোটে ধরে রাখার চেষ্টা করবে। এনসিপি মূলত সেই সুযোগ নিতে চাইছে।

এনসিপি কেন জামায়াতের জোট ছাড়তে পারবে না, এর পেছনে দুটি কারণ তুলে ধরেছেন আবু হানিফ।

প্রথম কারণ হিসেবে তিনি বলেন, জামায়াতের সঙ্গে জোট ছাড়লে এনসিপি তিন ভাগে বিভক্ত হয়ে পড়বে। এর একটি অংশ হবে সাবেক শিবিরের, একটি অংশ সাবেক পরিষদের এবং অন্য অংশ সাধারণ নেতাকর্মীদের।

দ্বিতীয় কারণ হিসেবে এনসিপির তৃণমূল পর্যায়ের সাংগঠনিক অবস্থার কথা উল্লেখ করেন তিনি। আবু হানিফের ভাষায়, তৃণমূলে আসলে এনসিপি বলতে কিছু নেই, ‘যাহা জামায়াত তাহাই এনসিপি’। এ বাস্তবতায় এনসিপি কখনোই জামায়াতের জোট ছাড়তে পারবে না বলে মন্তব্য করেন গণঅধিকার পরিষদের এই মুখপাত্র।