বিমান বাহিনীর সাবেক কর্মকর্তা তাহসিফ সাউরির মৃত্যুর প্রকৃত কারণ উদঘাটন এবং ঘটনায় জড়িতদের বিচারের দাবি জানিয়েছে অবসরপ্রাপ্ত সশস্ত্র বাহিনী কর্মকর্তাদের কল্যাণ সংস্থা রাওয়া। সংগঠনটির নেতারা জানিয়েছেন, এ ঘটনায় তদন্তের অগ্রগতি ও বিচারপ্রক্রিয়া পর্যবেক্ষণ করবেন তারা। পাশাপাশি তাহসিফের শোকসন্তপ্ত পরিবারের পাশে থাকার এবং প্রয়োজনীয় সব ধরনের সহযোগিতা দেওয়ার আশ্বাস দিয়েছেন সাবেক সামরিক কর্মকর্তারা।
শনিবার (৩১ অক্টোবর) দুপুরে রাজধানীর উত্তরা ১৮ নম্বর সেক্টরের রাজউক অ্যাপার্টমেন্ট প্রকল্পের ‘করবী’ ভবনে তাহসিফের বাসায় গিয়ে পরিবারের সদস্যদের সঙ্গে সাক্ষাৎ করেন রাওয়ার নেতারা। এ সময় তারা পরিবারের প্রতি সমবেদনা জানান এবং প্রয়োজনে সহযোগিতার বিষয়ে খোঁজখবর নেন।
সাক্ষাৎ শেষে রাওয়ার যুগ্ম সম্পাদক অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট কর্নেল আবু নওরোজ খুরশিদ আলম সাংবাদিকদের বলেন, তাহসিফের পরিবারের সঙ্গে কথা বলে তারা জানতে চেয়েছেন, এই পরিস্থিতিতে পরিবারকে কী ধরনের সহযোগিতা করা যেতে পারে। তাহসিফের বাবা কে এম এনায়েতুল করিমের সঙ্গেও তাদের কথা হয়েছে।
তিনি বলেন, এমন পরিস্থিতিতে পরিবারের অনেক কিছু করার থাকলেও বাস্তবতার কারণে হয়তো সবকিছু করা সম্ভব হয় না। এ কারণে তারা জানতে চেয়েছেন, পরিবারের কী কী প্রয়োজন এবং রাওয়ার পক্ষ থেকে কী ধরনের সহায়তা দেওয়া যেতে পারে।
পরিবারের বরাত দিয়ে আবু নওরোজ খুরশিদ আলম জানান, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর বিভিন্ন সংস্থা ইতিমধ্যে ঘটনাটি অনুসন্ধান করছে। মাঠপর্যায়ে প্রত্যক্ষদর্শীদের সঙ্গে কথা বলা এবং সিসিটিভি ফুটেজ পর্যালোচনার কাজ চলছে বলে পরিবারকে জানানো হয়েছে।
তাহসিফের মৃত্যুর ঘটনাকে অবসরপ্রাপ্ত সশস্ত্র বাহিনীর কর্মকর্তাদের জন্য অত্যন্ত কষ্টের বলে উল্লেখ করেন রাওয়ার এই নেতা। তিনি বলেন, তারা আশা করছেন, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী দ্রুত ঘটনার প্রকৃত সত্য উদঘাটন করবে এবং সে অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা নেবে।
তিনি আরও বলেন, দেশবাসীর পাশাপাশি প্রতিরক্ষা বাহিনীর সঙ্গে সংশ্লিষ্ট সব সদস্যও দ্রুত সত্য উদঘাটন এবং যথাযথ আইনি ব্যবস্থা গ্রহণের অপেক্ষায় রয়েছেন। রাওয়ার পক্ষ থেকে তাহসিফের শোকসন্তপ্ত পরিবারের পাশে থাকা এবং সব ধরনের সহযোগিতা অব্যাহত রাখার আশ্বাসও দেন তিনি।
এ সময় আরেক সাবেক সেনা কর্মকর্তা মেজর আল আমিন বলেন, তাহসিফের মৃত্যুর ঘটনাটি তারা ছেড়ে দেবেন না। কীভাবে তদন্ত এগোয়, ঘটনার প্রকৃত তথ্য কীভাবে উদঘাটিত হয় এবং বিচারপ্রক্রিয়া কোন পর্যায়ে যায়, তা তারা পর্যবেক্ষণ করবেন।
তিনি বলেন, ‘এ ঘটনাকে আমরা ছেড়ে দেব না। আমরা দেখব, মনিটর করব কীভাবে এর বিচার হয় এবং এর ফ্যাক্ট উদঘাটন হয়। আমরা ঘটনার পুঙ্খানুপুঙ্খ তদন্ত চাই এবং যারা ধরা পড়বে, তাদের বিচার চাই।’
তাহসিফের মৃত্যুর প্রকৃত কারণ উদঘাটন, ঘটনার সঙ্গে সংশ্লিষ্ট ব্যক্তিদের শনাক্ত এবং যথাযথ আইনি ব্যবস্থা গ্রহণের বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি প্রত্যাশা জানিয়েছেন সাবেক সামরিক কর্মকর্তারা। একই সঙ্গে তদন্ত ও বিচারপ্রক্রিয়ায় পরিবারের পাশে থাকার প্রতিশ্রুতি দিয়েছে রাওয়া।








