নির্বাচনী প্রচারণা বন্ধে হুমকি-ধমকির মধ্যেও মাঠে থাকায় পাবনায় জামায়াতে ইসলামীর এক নেতার ওপর নৃশংস হামলার অভিযোগ উঠেছে বিএনপির কর্মীদের বিরুদ্ধে। মসজিদ থেকে টেনেহিঁচড়ে বের করে বীর মুক্তিযোদ্ধা ও স্থানীয় জামায়াত নেতা রমজান আলীকে পিটিয়ে ও কুপিয়ে গুরুতর আহত করা হয় বলে অভিযোগ করেছেন প্রত্যক্ষদর্শী ও ভুক্তভোগীরা। গুরুতর আহত অবস্থায় তাকে পাবনা জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ ঘটনায় এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়েছে।
শনিবার (৭ ফেব্রুয়ারি) রাতে পাবনা সদর উপজেলার হেমায়েতপুর ইউনিয়নের চর শিবরামপুর গ্রামে এ ঘটনা ঘটে। আহত বীর মুক্তিযোদ্ধা রমজান আলী হেমায়েতপুর ইউনিয়নরের ৯ নম্বর ওয়ার্ড জামায়াতের সভাপতি ও চর শিবরামপুর ভোটকেন্দ্রের পরিচালক।
ভুক্তভোগী ও স্থানীয় সূত্রে জানা গেছে, নির্বাচনের প্রচার-প্রচারণাকে কেন্দ্র করে বীর মুক্তিযোদ্ধা রমজান আলীকে স্থানীয় বিএনপির নেতাকর্মীরা কয়েক দিন ধরে হুমকি দিয়ে আসছেন। হুমকি উপেক্ষা করেই প্রচার-প্রচারণা চালাতে থাকেন রমজান। এতে ক্ষুব্ধ হয়ে স্থানীয় বিএনপি কর্মী রায়হানের নেতৃত্বে রাতে স্থানীয় একটি মসজিদ থেকে তাকে বের করে নিয়ে পিটিয়ে ও কুপিয়ে গুরুতর আহত করা হয়। পরে তাকে উদ্ধার করে পাবনা জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়।
এ ঘটনায় তাৎক্ষণিক বিক্ষোভ মিছিল বের করে জামায়াতে ইসলামী। মিছিলটি হাসপাতাল থেকে শুরু হয়ে থানার সামনে দিয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে ইন্দ্রেরা মোড়ে গিয়ে শেষ হয়।
এ সময় পাবনা-৫ আসনের জামায়াতের প্রার্থী প্রিন্সিপাল ইকবাল হোসাইন বলেন, ‘মুক্তিযোদ্ধা রমজান আলীকে মসজিদ থেকে টেনেহেঁচড়ে বের করে এনে পিটিয়ে ও কোপানো হয়েছে। বাবুল বিশ্বাস ও রানা বিশ্বাসের হুকুমে সন্ত্রাসী মাদক ব্যবসায়ী রায়হানের নেতৃত্বে হামলা করেছে। যদি দ্রুত সন্ত্রাসীদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা না হয়, তাহলে কঠোর কর্মসূচি গ্রহণ করা হবে।’
এ বিষয়ে অভিযুক্ত রায়হানের সঙ্গে যোগাযোগের চেষ্টা করে তাকে পাওয়া যায়নি।
তবে পাবনা জেলা বিএনপির সদস্যসচিব অ্যাডভোকেট মাসুদ খন্দকার বলেন, ‘রায়হান আমাদের বিএনপির কেউ না। কারা কী কারণে এ ঘটনা ঘুটয়েছে আমাদের জানা নেই। কোনো অনুপ্রবেশকারী হতে পারে। তবে তারা নির্বাচনে আগ মুহূর্তে এসে বিএনপির ভাবমূর্তি ক্ষুণ্ন করার ষড়যন্ত্র বলে মনে করছি। আজ সংবাদ সম্মেলন করে বিস্তারিত জানাব।’
এ বিষয়ে পাবনা-৫ আসনের নির্বাচনী অনুসন্ধান ও বিচারিক কমিটির প্রধান আশরাফুল ইসলাম বলেন, ‘এ ঘটনায় আমার তেমন কিছু করার নেই। আমার এখতিয়ারের বাইরে। এ বিষয়ে থানায় অভিযোগ দায়ের করতে হবে। থানা ব্যবস্থা নেবে। আমি শুধু তদন্ত করে (ইসিতে) পাঠাতে পারি, কমিশন ব্যবস্থা নেবে।’
এ ব্যাপারে পাবনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দুলাল হোসেন বলেন, ‘অভিযোগ পেলে আমরা ব্যবস্থা নেবে। তারপরও অভিযুক্তদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।’
কুমিল্লায় ডিসেম্বরকে সামনে রেখে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অচল করে দেওয়ার ছক কষছে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠন ছাত্রলীগ ও যুবলীগ।
জামালপুর সদর উপজেলা যুবদলের আহ্বায়ক শফিকুল ইসলাম শফিককে গালাগাল এবং সাংগঠনিক শৃঙ্খলাভঙ্গের অভিযোগে সদর উপজেলা পূর্ব শাখা ছাত্রদলের আহ্বায়ক অনিককে অব্যাহতি দেওয়া হয়েছে। তার পরিবর্তে কমিটির সিনিয়র যুগ্ম আহ্বায়ক মো. কাওসার আলমকে ভারপ্রাপ্ত আহ্বায়কের দায়িত্ব দেওয়া হয়েছে।
চট্টগ্রামের ফটিকছড়িতে অভ্যন্তরীণ রাজনৈতিক বিরোধের জেরে বিএনপির দুই পক্ষের মধ্যে দফায় দফায় সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে ছুরিকাঘাতে যুবদল নেতা নাসির উদ্দিন বিপ্লব ও যুবদলকর্মী ঘোষণা কবির আহত হয়েছেন। তাঁদের মধ্যে ঘোষণা কবিরের অবস্থা আশঙ্কাজনক। সংঘর্ষের পর ফেনী-খাগড়াছড়ি আঞ্চলিক সড়ক অবরোধ করে বিক্ষোভ করেন এক পক্ষের নেতা-কর্মীরা। এতে প্রায় দুই ঘণ্টা যান চলাচল বন্ধ থাকে।