লিংকনকে ধর্ম প্রতিমন্ত্রী করায় ক্ষুব্ধ হেফাজত, নিয়োগ বাতিলের দাবি
‘সম্পর্কে চিড় ধরতে পারে’, হেফাজতের হুঁশিয়ারি

ধর্মবিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী হিসেবে মোহাম্মদ শামীম কায়সার লিংকনের নিয়োগে তীব্র প্রতিবাদ জানিয়েছে হেফাজতে ইসলাম বাংলাদেশ। সরকারের এ সিদ্ধান্ত অবিলম্বে পুনর্বিবেচনা করে নিয়োগ বাতিলের দাবি জানিয়ে সংগঠনটি বলেছে, কওমি আলেম সমাজ ও তাওহীদি জনতার মতামত উপেক্ষা করে এ ধরনের সিদ্ধান্ত নেওয়া হলে উলামায়ে কেরামের সঙ্গে সরকারের সম্পর্ক ও পারস্পরিক আস্থায় ‘চিড় ধরতে পারে’।
শুক্রবার গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে এ প্রতিবাদ জানান হেফাজতে ইসলাম বাংলাদেশের প্রচার সম্পাদক মুফতী কিফায়াতুল্লাহ আজহারী।
বিবৃতিতে বলা হয়, শুক্রবার সন্ধ্যায় বঙ্গভবনে অনুষ্ঠিত শপথ অনুষ্ঠানে শামীম কায়সার লিংকনকে ধর্মবিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী হিসেবে শপথ পড়ানো হয়েছে। এ নিয়োগের বিষয়ে দেশের আলেম-উলামা ও তাওহীদি জনতার পক্ষ থেকে তীব্র প্রতিবাদ জানানো হচ্ছে।
হেফাজত বলছে, গত বৃহস্পতিবার ‘সম্মিলিত উলামা মাশায়েখ বাংলাদেশ’-এর উদ্যোগে আয়োজিত সংবাদ সম্মেলনে লিংকনকে ধর্মবিষয়ক মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়ার বিষয়ে আপত্তির কথা স্পষ্টভাবে জানানো হয়েছিল। এর পরও তাকে এ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী হিসেবে নিয়োগ দেওয়ায় সংগঠনটির নেতারা ক্ষোভ প্রকাশ করেন।
সংগঠনটির দাবি, ধর্মবিষয়ক মন্ত্রণালয়ের মতো গুরুত্বপূর্ণ ও সংবেদনশীল মন্ত্রণালয়ের দায়িত্ব এমন একজন ব্যক্তির হাতে দেওয়া উচিত, যিনি ইসলামী মূল্যবোধের প্রতি শ্রদ্ধাশীল এবং উলামায়ে কেরামের কাছে গ্রহণযোগ্য। লিংকনের নিয়োগ সেই প্রত্যাশার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয় বলেও বিবৃতিতে দাবি করা হয়।
শামীম কায়সার লিংকনের মতাদর্শ নিয়েও আপত্তি জানিয়েছে হেফাজতে ইসলাম। সংগঠনটির দাবি, তিনি দেশের প্রচলিত পীর-মাশায়েখ, তাবলিগ জামাত এবং ঐতিহাসিকভাবে প্রতিষ্ঠিত চার মাযহাবের চেতনাবিরোধী মতাদর্শে বিশ্বাসী।
হেফাজতের প্রচার সম্পাদক মুফতী কিফায়াতুল্লাহ আজহারী বলেন, ‘ধর্মবিষয়ক মন্ত্রণালয় একটি অত্যন্ত সংবেদনশীল ও বিশেষায়িত ক্ষেত্র। এ মন্ত্রণালয়ের দায়িত্ব ইসলামী মূল্যবোধে শ্রদ্ধাশীল এবং উলামায়ে কেরামের কাছে গ্রহণযোগ্য ব্যক্তির হাতে দেওয়া উচিত।’
বিবৃতিতে বলা হয়, এমন একজন ব্যক্তিকে ধর্মবিষয়ক মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়া হলে দেশের ধর্মপ্রাণ মানুষের অনুভূতিতে আঘাত হানতে পারে। একই সঙ্গে এ সিদ্ধান্ত আলেম সমাজের মধ্যে অসন্তোষ ও উদ্বেগ তৈরি করবে বলেও আশঙ্কা প্রকাশ করা হয়।
সরকারকে সতর্ক করে হেফাজতে ইসলাম বলেছে, দেশের কওমি আলেম সমাজ ও তাওহীদি জনতার অবদান ও পরামর্শকে উপেক্ষা করে এ ধরনের সিদ্ধান্ত বাস্তবায়ন করা হলে উলামায়ে কেরামের সঙ্গে সরকারের সুসম্পর্ক ও পারস্পরিক আস্থায় চিড় ধরতে পারে।
সংগঠনটি আরও বলেছে, ধর্মবিষয়ক মন্ত্রণালয়ের মতো গুরুত্বপূর্ণ একটি মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়ার ক্ষেত্রে সংশ্লিষ্ট আলেম-উলামাদের সঙ্গে পরামর্শ করা প্রয়োজন। তাদের মতামত ও প্রত্যাশাকে গুরুত্ব না দিলে সরকারের সঙ্গে ধর্মীয় নেতৃবৃন্দের দূরত্ব তৈরি হওয়ার আশঙ্কা রয়েছে।
এ অবস্থায় মোহাম্মদ শামীম কায়সার লিংকনকে ধর্মবিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী হিসেবে দেওয়া নিয়োগ অবিলম্বে বাতিলের জোর দাবি জানিয়েছে হেফাজতে ইসলাম বাংলাদেশ।
একই সঙ্গে আলেম-উলামাদের সঙ্গে পরামর্শ করে একজন যোগ্য, অভিজ্ঞ ও সর্বজনগ্রাহ্য ব্যক্তিকে ধর্মবিষয়ক মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়ার জন্য সরকারের প্রতি আহ্বান জানিয়েছে সংগঠনটি।







