বিক্ষোভ মিছিল থেকে বৈছাআ নেতা মাহদীকে তুলে নিয়ে গেলো পুলিশ

হবিগঞ্জে অসহনীয় লোডশেডিং, বিদ্যুতের মূল্যবৃদ্ধি, গ্যাস সংকট ও দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির প্রতিবাদে বিক্ষোভ মিছিলের প্রস্তুতিকালে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের জেলা সদস্য সচিব মাহদী হাসানসহ তিনজনকে আটক করেছে পুলিশ।
সোমবার (১৭ আগস্ট) বিকেল ৫টার দিকে শহরের কোর্ট মসজিদ প্রাঙ্গণে সর্বস্তরের ছাত্র-জনতার ব্যানারে বিক্ষোভ মিছিলের জন্য জড়ো হলে তাদের আটক করা হয়। পরে তাদের হবিগঞ্জ সদর থানায় নিয়ে যায় পুলিশ।
স্থানীয় সূত্র জানায়, লোডশেডিং, বিদ্যুতের দাম বৃদ্ধি, গ্যাস সংকট ও দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির প্রতিবাদে বিক্ষোভ মিছিলের প্রস্তুতি নিতে বিকেল থেকে কোর্ট মসজিদ প্রাঙ্গণে ছাত্র-জনতা জড়ো হতে থাকেন। আসরের নামাজের পর মিছিল বের করার প্রস্তুতিকালে পুলিশ সেখানে গিয়ে মাহদী হাসানসহ তিনজনকে আটক করে।
হবিগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহিদুল হক গণমাধ্যমকে বলেন, বিক্ষোভকে কেন্দ্র করে কোনো ধরনের বিশৃঙ্খলা এড়াতে এবং নিরাপত্তার স্বার্থে তাদের আটক করা হয়েছে। তবে আটক ব্যক্তিদের বিরুদ্ধে তাৎক্ষণিকভাবে কোনো মামলা দায়েরের তথ্য জানায়নি পুলিশ।









