গোপন বৈঠক থেকে নিষিদ্ধ আ.লীগের ৫৩ নেতা–কর্মী গ্রেপ্তার
ঝটিকা মিছিলের মাধ্যমে নাশকতার ছক

রাজধানীর ভাটারায় গোপন বৈঠক করে ১৫ আগস্ট ঘিরে ঝটিকা মিছিল ও কর্মসূচির মাধ্যমে নাশকতার পরিকল্পনার অভিযোগে নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনের ৫৩ নেতা–কর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ। বৃহস্পতিবার রাত ৯টা ৫ মিনিটের দিকে ভাটারা থানার আবাসিক এলাকার এম ব্লকে অভিযান চালিয়ে নারী-পুরুষসহ তাদের গ্রেপ্তার করা হয়। এ সময় তাদের কাছ থেকে ব্যানার ও প্ল্যাকার্ড জব্দ করা হয়েছে।
ভাটারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাজহারুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।
পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে এম ব্লকের একটি স্থানে অভিযান চালানো হয়। সেখানে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ, যুবলীগ, যুব মহিলা লীগসহ আওয়ামী লীগের বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতা–কর্মীরা জড়ো হয়েছিলেন। ১৫ আগস্ট উপলক্ষে ঢাকার বিভিন্ন এলাকায় শোক দিবসের কর্মসূচি পালন এবং ঝটিকা মিছিল সফল করার লক্ষ্যে তারা প্রস্তুতি সভা করছিলেন বলে পুলিশের দাবি।
পুলিশের ভাষ্য অনুযায়ী, সেখানে উপস্থিত ব্যক্তিরা বিভিন্ন স্লোগান দিয়ে সমবেত হন। পরে তারা সেখানে খিচুড়ি খাওয়ার আয়োজন করেন। গ্রেপ্তারের সময় তাদের অনেকের পরনে সাদা পাঞ্জাবি ছিল এবং বুকে কালো ব্যাজ ধারণ করেছিলেন। ঘটনাস্থল থেকে একটি ব্যানার উদ্ধার করা হয়েছে।
ভাটারা থানার ওসি মাজহারুল ইসলাম বলেন, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনের ৫৩ নেতা–কর্মীকে গ্রেপ্তার করা হয়েছে। তাদের মধ্যে নারী ও পুরুষ উভয়েই রয়েছেন। তারা ১৫ আগস্ট উপলক্ষে ঢাকার বিভিন্ন এলাকায় শোক দিবসের কর্মসূচি ও ঝটিকা মিছিলের প্রস্তুতি নিচ্ছিলেন।
এ সময় সেখানে আওয়ামী লীগের কোনো বড় নেতা ছিলেন কি না জানতে চাইলে ওসি বলেন, বড় নেতাদের সেখানে আসার কথা ছিল। তবে তারা আসার আগেই পুলিশ অভিযান পরিচালনা করে।
পুলিশের দাবি, গ্রেপ্তার ব্যক্তিদের পরিকল্পনা ছিল বিভিন্ন এলাকায় ঝটিকা মিছিলসহ কর্মসূচি পালন করা। তবে তাদের কথিত নাশকতার পরিকল্পনা সম্পর্কে পুলিশ বিস্তারিত কিছু জানায়নি।
গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে বলে জানিয়েছে পুলিশ।








