সাহাবুদ্দিন চুপ্পুকে গ্রেপ্তারের দাবি গণঅধিকার পরিষদ নেতা হানিফের
'হাসিনার সঙ্গে চুপ্পুর ফোনালাপ দেশবিরোধী ষড়যন্ত্রের অংশ'

পদত্যাগ করা রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের বিরুদ্ধে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে বিদেশে অবস্থানকালে যোগাযোগের অভিযোগ তুলে তা ‘দেশবিরোধী ষড়যন্ত্রের অংশ’ বলে দাবি করেছেন গণঅধিকার পরিষদের মুখপাত্র আবু হানিফ। একই সঙ্গে তিনি সাবেক রাষ্ট্রপতিকে গ্রেপ্তারের দাবি জানিয়েছেন।
শুক্রবার (২৪ জুলাই) নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক স্ট্যাটাসে তিনি এসব অভিযোগ করেন।
আবু হানিফ দাবি করেন, বিদেশে চিকিৎসার জন্য গিয়ে মো. সাহাবুদ্দিন পলাতক সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে যোগাযোগ করেন। বিষয়টিকে হালকাভাবে দেখার সুযোগ নেই উল্লেখ করে তিনি বলেন, শেখ হাসিনার ডিসেম্বরে দেশে ফেরার ঘোষণার সঙ্গে ওই ফোনালাপের গভীর সম্পর্ক রয়েছে।
তিনি আরও দাবি করেন, সাম্প্রতিক সময়ে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর বক্তব্য, শেখ হাসিনার দেশে ফেরার ঘোষণা এবং সাবেক রাষ্ট্রপতি সাহাবুদ্দিনের কথিত ফোনালাপ একই সূত্রে গাঁথা। এর পেছনে ভারতের ভূমিকা রয়েছে বলেও অভিযোগ করেন তিনি।
গণঅধিকার পরিষদের এই নেতা বলেন, “বিদেশে গিয়ে হাসিনার সঙ্গে ফোনালাপ দেশবিরোধী ষড়যন্ত্রের অংশ বলে মনে হচ্ছে।”
তিনি আরও দাবি করেন, পরিস্থিতি আঁচ করতে পেরেই মো. সাহাবুদ্দিন রাষ্ট্রপতির পদ থেকে পদত্যাগ করেছেন।
স্ট্যাটাসের শেষাংশে আবু হানিফ পদত্যাগ করা রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনকে গ্রেপ্তারের দাবি জানান।
উল্লেখ্য, শুক্রবার রাষ্ট্রপতির পদ থেকে পদত্যাগ করেন মো. সাহাবুদ্দিন। পরে জাতীয় সংসদ সচিবালয় রাষ্ট্রপতির পদত্যাগপত্র গ্রহণের বিষয়টি জানিয়ে স্পিকারের জরুরি সংবাদ সম্মেলনের ঘোষণা দেয়।







