নৈতিকতা-আদর্শ থেকে বিচ্যুতি হলে জামায়াতে কোন ছাড় নেই: আব্দুস সবুর
জামায়াত নেতা আব্দুস সবুর

নৈতিকতা ও আদর্শের প্রশ্নে বাংলাদেশ জামায়াতে ইসলামী কোনো ধরনের আপস করে না বলে মন্তব্য করেছেন দলটির কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও ঢাকা মহানগরী দক্ষিণের নায়েবে আমীর আব্দুস সবুর ফকির। তিনি বলেছেন, একজন নেতা যত বড় মাপেরই হোন না কেন, নৈতিকতা ও আদর্শ থেকে এক চুল পরিমাণও বিচ্যুত হলে তাকে কোনো ছাড় দেওয়া হয় না। দলে ব্যক্তি নয়, নৈতিকতা ও আদর্শই সর্বোচ্চ বিবেচ্য বিষয়।
শুক্রবার (২৪ জুলাই) বাংলাদেশ জামায়াতে ইসলামী ঢাকা মহানগরী দক্ষিণের চকবাজার-বংশাল জোনের বাছাইকৃত কর্মীদের শিক্ষাশিবিরে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
আব্দুস সবুর ফকির বলেন, জামায়াতে ইসলামী একটি আদর্শভিত্তিক সংগঠন। এখানে কে কত বড় নেতা বা কোন পর্যায়ের দায়িত্বে আছেন, সেটি মুখ্য নয়। দলের কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো একজন নেতা বা কর্মী নৈতিকতা ও আদর্শের ওপর অটল আছেন কি না।
তিনি বলেন, “কেউ যদি নৈতিকতা বা আদর্শ থেকে এক চুল পরিমাণও বিচ্যুত হয়, তবে তাকে কোনো ছাড় দেওয়া হয় না।”
তিনি আরও বলেন, অন্যান্য রাজনৈতিক দল নৈতিক ও আদর্শিক নেতৃত্ব গড়ে তুলতে ব্যর্থ হওয়ায় জনগণ জামায়াতে ইসলামীর প্রতি আস্থা রাখছে। তবে এ কারণে দলের নেতাকর্মীদের প্রতি জনগণের প্রত্যাশাও অনেক বেশি। তাদের সামান্য কোনো ত্রুটিও মানুষ সহজভাবে গ্রহণ করে না।
আব্দুস সবুর বলেন, “জামায়াতে ইসলামীর প্রতিপক্ষরাও আমাদের সমালোচনা করে। আমরা যেকোনো গঠনমূলক সমালোচনাকে স্বাগত জানাই। কিন্তু অতিরঞ্জিত সমালোচনা কারও জন্যই কল্যাণকর নয়। অন্যের দোষত্রুটি খোঁজার আগে নিজের দিকে তাকানো উচিত।”
তিনি বলেন, খেলাফত প্রতিষ্ঠা করা মুমিনদের দায়িত্ব এবং সেই লক্ষ্য বাস্তবায়নে জামায়াতে ইসলামী দীর্ঘদিন ধরে কাজ করে যাচ্ছে। ইসলামী সমাজ প্রতিষ্ঠায় জামায়াতই নেতৃত্ব দেবে বলে তিনি আশা প্রকাশ করেন।
দ্বীন প্রতিষ্ঠার আন্দোলনে যুক্ত হওয়াকে সৌভাগ্যের বিষয় উল্লেখ করে তিনি বলেন, ইসলামী আন্দোলনের কর্মীরা নিঃস্বার্থভাবে মাল ও জান কোরবানি করতে প্রস্তুত থাকেন। বিপরীতে প্রচলিত রাজনৈতিক ধারার অনেক দলের কর্মীরা ক্ষমতা ও লুটপাটের রাজনীতিতে ব্যস্ত।
তিনি দাবি করেন, স্বাধীনতার ৫৫ বছরে প্রচলিত রাজনৈতিক দলগুলোর নীতি ও আদর্শ দেখে জনগণ তাদের প্রতি আস্থা হারিয়েছে। ফলে মানুষ স্বতঃস্ফূর্তভাবে ইসলামী সমাজ বিনির্মাণের দিকে এগিয়ে আসছে। এখন প্রয়োজন দক্ষ ও আদর্শিক নেতৃত্ব।
জামায়াতে ইসলামীর নেতাকর্মীদের উদ্দেশে আব্দুস সবুর ফকির বলেন, কাঙ্ক্ষিত সমাজ প্রতিষ্ঠার লক্ষ্যে আরও দায়িত্বশীল, সজাগ ও সতর্ক থেকে নিরলসভাবে কাজ করতে হবে।
সংগঠনের কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও ঢাকা মহানগরী দক্ষিণের সহকারী সেক্রেটারি এবং চকবাজার-বংশাল জোন পরিচালক দেলাওয়ার হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত শিক্ষাশিবিরে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন মহানগরীর কর্মপরিষদ সদস্য ড. মোবারক হোসাইন, মাওলানা মোশাররফ হোসেন ও রফিকুল ইসলাম মিয়াজি।
সহকারী জোন পরিচালক ও মহানগরীর মজলিসে শুরা সদস্য অধ্যক্ষ এস এম আহসান উল্লাহ অনুষ্ঠানটি সঞ্চালনা করেন। এছাড়া বক্তব্য দেন জোন টিম সদস্য অধ্যক্ষ আবুল কাশেম এবং বংশাল দক্ষিণ থানা আমীর মাহবুবুল আলম ভূঁইয়া। এ সময় মহানগরীর মজলিসে শুরা সদস্য মাওলানা আনিছুর রহমান, মাওলানা মাহফুজুর রহমান, রফিকুল ইসলাম সিকদার, আবুল হোছাইন রাজন, রিয়াদ হোসেনসহ বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।







