জুলাই গণ-অভ্যুত্থানে আহত ঢাবি শিক্ষার্থীদের টিউশন ফি মওকুফ

২০২৪ সালের জুলাই-আগস্টের ছাত্র-জনতার ঐতিহাসিক গণ-অভ্যুত্থানে আহত ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) শিক্ষার্থীদের টিউশন ফি মওকুফ করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। ফাইন্যান্স কমিটির সুপারিশের ভিত্তিতে গত ২২ জুন অনুষ্ঠিত সিন্ডিকেট সভায় এই সিদ্ধান্ত গৃহীত হয়েছে।
উপাচার্য অধ্যাপক ড. এ বি এম ওবায়দুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত ওই সিন্ডিকেট সভায় আহত শিক্ষার্থীদের টিউশন ফি মওকুফের বিষয়টি চূড়ান্ত অনুমোদন পায়। আজ সোমবার সকালে বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দফতর থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে।
এদিকে, ঐতিহাসিক জুলাই গণ-অভ্যুত্থানের দ্বিতীয় বার্ষিকী উপলক্ষে ঢাকা বিশ্ববিদ্যালয় প্রশাসন মাসব্যাপী নানা কর্মসূচি গ্রহণ করেছে। কেন্দ্রীয় কর্মসূচির পাশাপাশি বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন হল, অনুষদ, বিভাগ ও ইনস্টিটিউটে পৃথকভাবে এসব কর্মসূচি পালিত হচ্ছে। মাসব্যাপী আয়োজনের মধ্যে রয়েছে জুলাই গণ-অভ্যুত্থানকে উপজীব্য করে সংকলন প্রকাশ, সেমিনার, স্মৃতিচারণ ও আলোচনা সভা, প্রবন্ধ রচনা, ব্যক্তিগত অভিজ্ঞতা বিনিময়, সাংস্কৃতিক অনুষ্ঠান এবং বিতর্ক প্রতিযোগিতা।
বার্ষিকী উদযাপনের অংশ হিসেবে হাজী মুহম্মদ মুহসীন হল ‘জুলাই স্মৃতিকথন’ শীর্ষক বিশেষ সংকলন প্রকাশ করবে। এছাড়া বিভিন্ন আবাসিক হল আলাদাভাবে অনুষ্ঠানমালার আয়োজন করেছে। এর মধ্যে নবাব ফয়জুন্নেসা চৌধুরাণী ছাত্রী নিবাস ২২ জুলাই, বিজয় একাত্তর হল ২৩ জুলাই, অমর একুশে হল ২৩ থেকে ২৫ জুলাই, ড. মুহম্মদ শহীদুল্লাহ হল, ফজলুল হক মুসলিম হল এবং বাংলাদেশ-কুয়েত মৈত্রী হল ২৪ ও ২৫ জুলাই কর্মসূচি পালন করবে।
পাশাপাশি মুক্তিযোদ্ধা জিয়াউর রহমান ও শেখ ফজিলাতুন্নেছা মুজিব হল ২৫ জুলাই, শামসুন নাহার হল ২৬ জুলাই, রোকেয়া হল ৩০ জুলাই, শেখ মুজিবুর রহমান হল ১ থেকে ৪ আগস্ট এবং ড. কুদরাত-ই-খুদা হোস্টেল আগামী ৫ আগস্ট বিশেষ অনুষ্ঠানমালার আয়োজন করবে।









