সরকারি ব্যানার-বিলবোর্ডে প্রধানমন্ত্রীর ছবি ব্যবহার নিষিদ্ধ

সরকারি কোনো অনুষ্ঠান উপলক্ষে তৈরি ব্যানার, ফেস্টুন ও বিলবোর্ডে প্রধানমন্ত্রীর ছবি ব্যবহার নিষিদ্ধ করেছে সরকার। একই সঙ্গে প্রচারণামূলক উপকরণের নকশায় ব্যক্তিচিত্রের পরিবর্তে অনুষ্ঠানটির উদ্দেশ্য, বার্তা ও বিষয়বস্তুকে সর্বোচ্চ গুরুত্ব দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। এ-সংক্রান্ত নির্দেশনা অবিলম্বে কার্যকর করতে বলা হয়েছে।
রোববার মন্ত্রিপরিষদ বিভাগের সাধারণ অধিশাখা থেকে জারি করা এক পরিপত্রে এ নির্দেশনা দেওয়া হয়। পরিপত্রে উপসচিব তানিয়া আফরোজ স্বাক্ষর করেছেন।
পরিপত্রে বলা হয়েছে, সরকারি কোনো অনুষ্ঠানের প্রচারে ব্যবহৃত ব্যানার, ফেস্টুন বা বিলবোর্ডে থ্রিডি কিংবা অন্য কোনো আঙ্গিকে প্রধানমন্ত্রীর ছবি ব্যবহার করা যাবে না।
এতে আরও বলা হয়েছে, প্রচারণামূলক উপকরণের নকশা এমনভাবে প্রস্তুত করতে হবে, যাতে অনুষ্ঠানের মূল উদ্দেশ্য, বার্তা ও বিষয়বস্তু স্পষ্টভাবে প্রতিফলিত হয়। এ ক্ষেত্রে ব্যক্তিকেন্দ্রিক উপস্থাপনার পরিবর্তে অনুষ্ঠানের বিষয়বস্তুকেই সর্বোচ্চ প্রাধান্য দিতে হবে।
পরিপত্র অনুযায়ী, প্রচারণাসামগ্রী প্রস্তুতের সময় প্রয়োজনীয় ও প্রাসঙ্গিক তথ্য উপস্থাপন নিশ্চিত করতে হবে। নকশা হতে হবে সহজ, তথ্যসমৃদ্ধ এবং অনুষ্ঠানের মূল বার্তা তুলে ধরার উপযোগী।
মন্ত্রিপরিষদ বিভাগ বিষয়টিকে অত্যন্ত গুরুত্বের সঙ্গে বিবেচনার আহ্বান জানিয়েছে। একই সঙ্গে নির্দেশনাগুলো যথাযথভাবে বাস্তবায়নের জন্য সব মন্ত্রণালয়, বিভাগ, দপ্তর, সংস্থা এবং মাঠপর্যায়ের কর্মকর্তাদের প্রয়োজনীয় ব্যবস্থা নিতে বলা হয়েছে।
সরকারের এ নির্দেশনার ফলে সরকারি অনুষ্ঠানের প্রচারণাসামগ্রীতে ব্যক্তিচিত্রের পরিবর্তে অনুষ্ঠানকেন্দ্রিক তথ্য ও বার্তাকে প্রাধান্য দেওয়ার নতুন নীতির বাস্তবায়ন শুরু হবে বলে সংশ্লিষ্টরা মনে করছেন।









