‘আমি আওয়ামী লীগের তকমা ঘোচাতে চাই’

গাজীপুর সদর উপজেলার বাড়িয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হাবিবুর রহমান খান গাজীপুর সদর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং বাড়িয়া ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ছিলেন। ২০১৯ সালের ২ মে তিনি জেলা আওয়ামী লীগের কাছে সকল পদ হতে অব্যহতি চেয়ে আবেদন করেন। পরে একই বছর ৩১ জুলাই তাকে দলের প্রাথমিক সদস্যপদসহ সকল পদ থেকে অব্যহতি দেওয়া হয়।
সর্বশেষ ইউনিয়ন পরিষদ নির্বাচনে তিনি বাড়িয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হিসেবে নির্বাচিত হয়ে দায়িত্ব পালন করছেন। ২০২৪ সালে ৫ আগস্টের পর তিনি গ্রেফতার হয়ে কারাভোগ করে জামিনে মুক্তি পান। সম্প্রতি তার বিরুদ্ধে একটি মামলা হয়। তিনি বর্তমানে কোনো রাজনৈতিক দলের সঙ্গে জড়িত না থাকলেও তাকে আওয়ামী লীগের ফ্যাসিস্ট হিসেবে সামাজিক যোগাযোগ মাধ্যমে উপস্থাপন করা হয়।
এছাড়া তার বিরুদ্ধে প্রতিপক্ষরা বিভিন্ন সময়ে নানা ষড়যন্ত্র করে আসছে বলে অভিযোগ করেন চেয়ারম্যান হাবিবুর রহমান খান।
শনিবার (৪ জুলাই) দুপুরে ইউনিয়ন পরিষদের ভবনে তার কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি বলেন, আমি আর রাজনীতি করব না। কোনো দলের সঙ্গেও যুক্ত থাকব না। তবে এলাকার মানুষের সঙ্গে সামাজিক ও উন্নয়নূলক কাজ করব। আমি আওয়ামী লীগ না করলেও আমার বিরুদ্ধে নানা ষড়যন্ত্র হচ্ছে। আমি আওয়ামী লীগের তকমা ঘোচাতে চাই।
এ সময় সংবাদ সম্মেলনে ইউপি সদস্য মঞ্জুর হোসেন, মজিদ ভূইয়া, মাসুম মোল্লা, সংরক্ষিত নারী সদস্য রহিছা হারুন ও মর্জিনা আক্তার উপস্থিত ছিলেন।







