রাজাকার ইস্যুতে ফখরুলকে আয়নায় চেহারা দেখতে বললেন আযাদ

বাংলাদেশ জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল হামিদুর রহমান আযাদ বলেন, ‘অতীতে বিভাজনের রাজনীতির কারণে সুন্দর বাংলাদেশ গড়ে তোলা সম্ভব হয়নি। আবার বর্তমান সরকার নেপথ্যে থেকে বিভাজনের রাজনীতি শুরু করেছে। বিএনপি মহাসচিব বলেছে, স্বাধীনতার বিরোধিতার জন্য জামায়াত ক্ষমা চায় নি। ফ্যাসিবাদীরা যে সুরে কথা বলেছে, সেটি বাংলাদেশের জনগণ জুলাই আন্দোলনের সময় রিজেক্ট (বাতিল) করে দিয়েছে। পুরোনো কাসুন্দি ঘেঁটে লাভ হবে না।’
আজ মঙ্গলবার (৩০ জুন) জামায়াতের মুক্তিযুদ্ধের বিরোধিতা ইস্যুতে এক সংবাদ সম্মেলনে মির্জা ফখরুলের বক্তব্যের কড়া সমালোচনা করেন তিনি।
মির্জা ফখরুলকে আয়নায় নিজের চেহারা দেখতে বলেন হামিদুর রহমান আযাদ। তিনি বলেন, ‘আয়নায় নিজের চেহারা দেখুন। ক্ষমা আপনার বাবাকে কবর থেকে চাইতে বলেন। কারণ, আমরা অপরাধ করি নাই, ক্ষমা চাইব কেন? আপনার বাবা অপরাধী, এই অভিযোগ আছে। সুতরাং কথা সতর্কভাবে বলা উচিত।’







