আদ-দ্বীন হাসপাতালের রোগীদের চিকিৎসাসেবা নিশ্চিতের আহ্বান নূরুন্নিসা সিদ্দীকার

রাজধানীর আদ-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিলের সিদ্ধান্ত পুনর্বিবেচনা করে সেখানে ভর্তি রোগীদের চিকিৎসাসেবা নিশ্চিত করার আহ্বান জানিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামীর মহিলা বিভাগ।
শুক্রবার (১২ জুন) গণমাধ্যমে পাঠানো এক বিজ্ঞপ্তিতে দলের মহিলা বিভাগের সেক্রেটারি ও সংসদ সদস্য নূরুন্নিসা সিদ্দীকা বলেন, ছয় নবজাতকের মৃত্যুর ঘটনায় সরকার বৃহস্পতিবার (১১ জুন) আদ্-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিল করেছে।
হাসপাতাল কর্তৃপক্ষকে দেওয়া কারণ দর্শানোর নোটিশের জবাব সন্তোষজনক না হওয়ায় এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
তিনি বলেন, সাপ্তাহিক ছুটির আগের দিন স্বাস্থ্য মন্ত্রণালয়ের এমন সিদ্ধান্তে হাসপাতালে অবস্থানরত রোগীদের চলমান চিকিৎসাসেবা অনিশ্চয়তার মুখে পড়েছে। নবজাতকদের মৃত্যু নিঃসন্দেহে মর্মান্তিক এবং এটি হাসপাতাল কর্তৃপক্ষের চরম অব্যবস্থাপনার পরিচায়ক। তবে এ ঘটনায় হাসপাতালে চিকিৎসাধীন অন্যান্য রোগীদের বিষয়টিও বিবেচনায় নেওয়া প্রয়োজন ছিল।
নূরুন্নিসা সিদ্দীকা বলেন, হাসপাতালের কার্যক্রম বন্ধের আগে নির্দিষ্ট সময়সীমা বেঁধে দিয়ে রোগীদের বিকল্প চিকিৎসা ব্যবস্থার সুযোগ করে দেওয়া উচিত ছিল। তা না হলে নারী, শিশু ও অন্যান্য রোগীরা ভোগান্তিতে পড়তে পারেন।
তিনি আরো বলেন, প্রায় তিন দশক ধরে আদ্-দ্বীন হাসপাতাল স্বল্প খরচে চিকিৎসাসেবা দিয়ে আসছে। বিশেষ করে নিম্ন আয়ের ও অসচ্ছল মানুষের চিকিৎসায় প্রতিষ্ঠানটির ভূমিকা রয়েছে।
এ অবস্থায় মানবিক দৃষ্টিকোণ থেকে সরকারের গৃহীত সিদ্ধান্ত পুনর্বিবেচনার দাবি জানিয়ে তিনি বলেন, হাসপাতালে ভর্তি নারী, শিশু ও অন্যান্য রোগীদের চিকিৎসাসেবা যেন ব্যাহত না হয়, সে বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া জরুরি।







