৫ মাসে ১১৮ শিশু ধর্ষণ, রাষ্ট্রের জবাবদিহিতা চায় শিশু অধিকার জোট
লাগাম টানতে জরুরি পদক্ষেপের আহ্বান

রাজধানীর মিরপুরের পল্লবীতে দ্বিতীয় শ্রেণির শিক্ষার্থী আট বছর বয়সী শিশু রামিসা আক্তারকে ধর্ষণ ও হত্যার ঘটনাকে কেন্দ্র করে দেশজুড়ে শিশুদের প্রতি সহিংসতা, ধর্ষণ ও হত্যার ঘটনায় গভীর উদ্বেগ, ক্ষোভ ও শোক প্রকাশ করেছে শিশু অধিকার সংগঠনগুলোর মোর্চা ‘চাইল্ড রাইটস অ্যাডভোকেসি কোয়ালিশন ইন বাংলাদেশ’।
সংগঠনটি বলছে, চলতি বছরের প্রথম পাঁচ মাসেই অন্তত ১১৮ শিশু ধর্ষণের শিকার হয়েছে, যা দেশের শিশু নিরাপত্তা ব্যবস্থার ভয়াবহ চিত্র তুলে ধরছে। একইসঙ্গে এসব ঘটনায় রাষ্ট্রের জবাবদিহিতা নিশ্চিত এবং দ্রুত সময়ের মধ্যে দৃষ্টান্তমূলক বিচার দাবি করেছে তারা।
রোববার গণমাধ্যমে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে কোয়ালিশনের পক্ষ থেকে বলা হয়, শিশুদের ওপর চলমান বর্বরতা একটি সভ্য সমাজের জন্য চরম লজ্জাজনক এবং এটি জাতিসংঘ শিশু অধিকার সনদের সুস্পষ্ট লঙ্ঘন। রামিসা হত্যাকাণ্ডসহ সাম্প্রতিক ঘটনাগুলো প্রমাণ করছে যে শিশুদের জন্য পরিবার, শিক্ষা প্রতিষ্ঠান কিংবা সমাজ— কোথাও পূর্ণ নিরাপত্তা নিশ্চিত করা যাচ্ছে না।
বিজ্ঞপ্তিতে আইন ও সালিশ কেন্দ্রের (আসক) পরিসংখ্যান তুলে ধরে বলা হয়, ২০২৬ সালের জানুয়ারি থেকে ২০ মে পর্যন্ত অন্তত ১১৮ জন শিশু ধর্ষণের শিকার হয়েছে। একই সময়ে ধর্ষণের চেষ্টার শিকার হয়েছে আরও ৪৬ শিশু। ধর্ষণ কিংবা ধর্ষণে ব্যর্থ হওয়ার পর হত্যাকাণ্ডের শিকার হয়েছে অন্তত ১৭ শিশু।
কোয়ালিশনের ভাষ্য অনুযায়ী, কুমিল্লার মুরাদনগরে ৮ বছরের শিশু ধর্ষণ, ভোলার দৌলতখানে ১২ বছরের শিশুকে গণধর্ষণ এবং ময়মনসিংহের হালুয়াঘাটে ১২ বছরের শিশু ইমনের নির্মম মৃত্যু দেশের পরিস্থিতির ভয়াবহতা আরও স্পষ্ট করেছে।
সংগঠনটি মনে করছে, শিশুদের সুষ্ঠু বিকাশে সামাজিক ও নৈতিক শিক্ষার ঘাটতি, পারস্পরিক শ্রদ্ধাবোধের অভাব, আইন প্রয়োগে দুর্বলতা এবং সামগ্রিক জবাবদিহিতার সংকটের কারণে শিশুরা আজ ঘরে-বাইরে অনিরাপদ হয়ে পড়েছে। শুধু আইন প্রণয়ন করলেই হবে না, পরিবার, সমাজ ও রাষ্ট্র— সব পর্যায়ে সমন্বিত প্রতিরোধ ব্যবস্থা গড়ে তুলতে হবে।
এ পরিস্থিতিতে কয়েকটি গুরুত্বপূর্ণ দাবি ও সুপারিশ তুলে ধরেছে কোয়ালিশন। এর মধ্যে রয়েছে— শিশুদের প্রতি যেকোনো সহিংসতার দ্রুত বিচার নিশ্চিত করা, জনগণের নিরাপত্তা ও রাষ্ট্রের প্রতি আস্থা ফিরিয়ে আনা, পরিবারে শিশুদের সঙ্গে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক গড়ে তোলা এবং শিক্ষা প্রতিষ্ঠানে যৌন হয়রানি প্রতিরোধ কমিটি সক্রিয় রাখা।
এছাড়া শিশুদের ইন্টারনেট ব্যবহারে অভিভাবকদের নজরদারি বাড়ানো, ডিজিটাল নিরাপত্তা বিষয়ে সচেতনতা বৃদ্ধি, পাঠ্যসূচিতে শিশু অধিকার ও আত্মরক্ষামূলক শিক্ষা অন্তর্ভুক্ত করা এবং জরুরি হেল্পলাইন ১০৯৮ ও ৯৯৯ সম্পর্কে শিশুদের সচেতন করার দাবিও জানানো হয়।
প্রেস বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, দেশের প্রতিটি ওয়ার্ডে সমাজভিত্তিক শিশু সুরক্ষা কমিটিকে কার্যকর ও জবাবদিহিমূলক করতে হবে। একইসঙ্গে শিশু নির্যাতনের সব মামলাকে দ্রুত বিচার ট্রাইব্যুনালের আওতায় এনে অপরাধীদের সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করার দাবি জানানো হয়, যাতে ভবিষ্যতে কেউ এমন অপরাধ করতে সাহস না পায়।
রামিসা হত্যাকাণ্ডের ঘটনায় মূল অভিযুক্ত ও তার সহযোগীদের দ্রুত গ্রেপ্তার করায় সরকার ও আইনশৃঙ্খলা বাহিনীকে ধন্যবাদ জানিয়েছে কোয়ালিশন। তবে তারা বলছে, শুধু গ্রেপ্তারই যথেষ্ট নয়; নিখুঁত তদন্ত ও স্বচ্ছ আইনি প্রক্রিয়ার মাধ্যমে সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করে রাষ্ট্রকে দৃষ্টান্ত স্থাপন করতে হবে।
একইসঙ্গে নিহত রামিসার পরিবারের পাশে দাঁড়ানো এবং শিশু নির্যাতনের শিকার পরিবারগুলোর দীর্ঘমেয়াদি মানসিক ও সামাজিক পুনর্বাসনের দায়িত্ব রাষ্ট্রকে নেওয়ার আহ্বান জানানো হয়েছে। ন্যায়বিচার প্রতিষ্ঠিত না হওয়া পর্যন্ত প্রতিবাদী অবস্থান অব্যাহত থাকবে বলেও জানিয়েছে সংগঠনটি।








