জানাজায় ‘জয় বাংলা’ স্লোগান, কারাগারে আওয়ামী লীগের ১৯ নেতাকর্মী

সাবেক গৃহায়ণ ও গণপূর্তমন্ত্রী ও বীর মুক্তিযোদ্ধা ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেনের জানাজাকে কেন্দ্র করে চট্টগ্রামে নতুন রাজনৈতিক বিতর্কের সৃষ্টি হয়েছে। জানাজা শেষে ‘জয় বাংলা’ স্লোগান এবং মিছিলের অভিযোগে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের ১৯ নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ। পরে সন্ত্রাসবিরোধী আইনে দায়ের করা মামলায় তাদের আদালতে হাজির করা হলে শুক্রবার চট্টগ্রাম মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট এস এম আলাউদ্দিন মাহমুদ তাদের কারাগারে পাঠানোর আদেশ দেন।
পুলিশ ও আদালত সূত্র জানায়, বৃহস্পতিবার (১৪ মে) বেলা ১১টার দিকে নগরের জমিয়তুল ফালাহ জাতীয় মসজিদ প্রাঙ্গণে ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেনের জানাজা অনুষ্ঠিত হয়। জানাজায় আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনের শত শত নেতাকর্মী অংশ নেন।
জানাজা শেষে একদল নেতাকর্মী ‘জয় বাংলা’ স্লোগান দিতে দিতে মিছিল বের করেন বলে অভিযোগ করে পুলিশ। আইনশৃঙ্খলা বাহিনীর দাবি, ওই সময় কয়েকজনের হাতে লাঠিসোঁটা ও ইট-পাটকেল ছিল এবং তারা জনসাধারণের নিরাপত্তা বিঘ্নিত করার চেষ্টা করেন।
গ্রেপ্তার হওয়া ১৯ জন হলেন—মেহেদী হাসান, মো. সুমন, মো. ইমন, মহিউদ্দিন, মো. বশর, হাসান, সজিব, মুসা, জয়নাল, রাসেল, সাদ্দাম হোসেন, আলামিন, রাকিক, শরীফ মিয়া, সোহেল, মনির, রায়হান, ইলিয়াস ও জাহিদুল হক।
কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আফতাব উদ্দিন জানান, ঘটনাস্থলে দায়িত্ব পালনরত পুলিশ সদস্যরা জানাজার পর পরিস্থিতি উত্তপ্ত হওয়ার বিষয়টি ঊর্ধ্বতন কর্মকর্তাদের অবহিত করেন। পরে পুলিশ সেখানে পৌঁছালে মিছিলে অংশ নেওয়া ব্যক্তিরা বিভিন্ন অলিগলি দিয়ে পালানোর চেষ্টা করেন।
তিনি বলেন, ঘটনাস্থল থেকে ১৫টি ইটের টুকরা এবং আটটি কাঠের লাঠি জব্দ করা হয়েছে। পরবর্তীতে বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে ১৯ জনকে গ্রেপ্তার করা হয়।
পুলিশের দাবি, গ্রেপ্তার হওয়া ব্যক্তিদের মধ্যে কয়েকজনের বিরুদ্ধে অস্ত্র, ডাকাতির প্রস্তুতি, ছিনতাইসহ বিভিন্ন অভিযোগে একাধিক মামলা রয়েছে।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ ও আওয়ামী লীগের বিভিন্ন অঙ্গসংগঠনের সঙ্গে সম্পৃক্ত থাকার তথ্য দিয়েছেন বলেও জানিয়েছে পুলিশ।
এ ঘটনায় কোতোয়ালি থানায় সন্ত্রাসবিরোধী আইন, ২০০৯-এর বিভিন্ন ধারায় মামলা দায়ের করা হয়েছে। শুক্রবার তাদের আদালতে হাজির করা হলে শুনানি শেষে বিচারক তাদের কারাগারে পাঠানোর নির্দেশ দেন।








